প্লে-ব্যাক নিয়ে আইয়ুব বাচ্চু
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:১৭
এ দেশের রকলিজেন্ড হিসেবে শুধু নিজের গান নিয়েই থাকেননি। তার হাত ধরে আজ একাধিক তারকা নিজের সংগীত চর্চায় একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি আইয়ুব বাচ্চু। এখনও সমানতালে এলআরবির কনসার্ট নিয়ে সারাদেশে শো করছেন। নিজের নতুন গানের প্রসঙ্গ এলেই বলেন, ‘এখন তো মেমোরি কার্ডই আছে, নয়তো ফোনের ভেতরে কাউকে গান শুনিয়ে দিলেই তো হয়।’ এখনকার পাইরেসি নিয়ে এভাবেই মন্তব্য করেন তিনি। তবে বর্তমানে বেশ কিছু চলচ্চিত্রের গানের কম্পোজিশনসহ নতুন জিঙ্গেলের কাজ করছেন তিনি। খুব শিগগিরই আইয়ুব বাচ্চুর নতুন প্লে-ব্যাক প্রকাশ পাবে। এ ছাড়া নতুন অ্যালবামের প্রশ্ন এলে তিনি শুধু বলেন, ‘এখন নতুনভাবে নতুন কিছু করতে চাই। সিডি দিয়ে নকলবাজদের কষ্ট দেওয়ার কী মানে? তার চেয়ে নিজেই তো ফ্রি ছেড়ে দিতে পারি। তবে খুব শিগগিরই ভালো কিছু আসবে নিশ্চয়ই। যা থেকে এই ইন্ডাস্ট্রি খানিকটা পরিত্রাণের পথ পাবে।’