শেরপুরে ‘ব্রি’ ধানের ৫২ বীজ উত্পাদন মাঠ দিবস
সুশীল মালাকার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:২০
শেরপুরে রোপা আমনে ‘ব্রি’ ধান-৫২ জাতের বীজ উত্পাদন ও সংরক্ষণ প্রদর্শনীর এক মাঠ দিবস হয়েছে। নকলা উপজেলার পাইস্কা গ্রামে মঙ্গলবার স্থানীয় সুরুজ্জামান স্কুল মাঠে এ উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর খামারবাড়ীর শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ কৃষিবিদ বিলাস চন্দ্র পাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি প্রকল্পের আওতায় পাইস্কা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ৫২ শতক জমিতে এবার রোপা আমন মৌসুমে বীজ উত্পাদন ও সংরক্ষণের জন্য ব্রি-ধান ৫২ জাত প্রদর্শনী প্লট করা হয়েছিল। এতে প্রতিটি কুশিতে ৮/৯টি করে ধানগাছ দেখা যায়। মাঠের ফসলও বেশ ভাল হয়েছে। ওই কৃষক এটা ছাড়াও তার আরও তিন একর জমিতে এবার ব্রি-ধান ৫২ জাতের চাষ করেছেন বলে জানান। কৃষক লিয়াকত আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, কৃষক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজ্জাক প্রমুখ।