ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:২০
ভূঞাপুর রেলস্টেশন সংলগ্ন লৌহজং নদী থেকে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে পৌর এলাকার ফকিরপাড়ায় স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট রেল ও পিডব্লিউআই’র কর্মকর্তাদের ম্যানেজ করে রেললাইনের স্লিপারের নিচ দিয়ে গর্ত করে পাইপ বসিয়ে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর ক্ষমতাসীন লোক। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ওই এলাকায় অসময়ে ভাঙন দেখা দিয়েছে। ট্রেন যাত্রীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
রেল লাইনের স্লিপারের নিচ দিয়ে পাথর সরিয়ে গর্ত করে পাইপ বসানোর সত্যতা স্বীকার করে স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম ও পিডব্লিউআই’র ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, বালু উত্তোলনে রেললাইন থেকে পাইপ সরানোর জন্য বলা হয়েছিল। কিন্তু সেটা তারা গুরুত্ব দেয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমি শুনেছি। নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।