ডিমলায় শিশু ও দৌলতপুরে গৃহবধূ খুন

নীলফামারীর ডিমলায় গত শনিবার জমি নিয়ে সংঘর্ষে তহেল উদ্দিনের মেয়ে বিলকিস (২) নামে এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন— আমেনা বেগম, মুর্শিদা বেগম, আব্দুল হক, আমির আলী, তোফাজ্জল। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘর প্রতিপক্ষরা জ্বালিয়ে দেয়। জানা যায়, পূর্ব খড়িবাড়ী গ্রামের তহেল উদ্দিনের সাথে খায়রুল ইসলামের ৪০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন ঐ জমিতে খায়রুল ইসলামের লোকজন ধান কাটতে গেলে তহেল উদ্দিনের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষরা তহেল উদ্দিনের ২টি ঘর জ্বালিয়ে দেয়। গৃহবধূকে শ্বাসরোধে হত্যা দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর পশ্চিমপাড়া গ্রামে গত শনিবার শিউলি বেগম (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। জানা যায়, গত ২ বছর পূর্বে বালুরচর গ্রামের মো. রফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। ১৫ দিন আগে বাবার বাড়ি থেকে শিউলি স্বামীর বাড়ি যায়। ঘটনার দিন এলাকাবাসী নদীর পাড়ে শিউলির লাশ দেখতে পায়। দৌলতপুর থানার ওসি মো. শওকত আলম জানান, এ ব্যাপারে শিউলির পিতা মো. তৈমুদ্দিন শেখ বাদি হয়ে একটি হত্যা মামলা করেছে।