সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:২৪
বীরগঞ্জে বন্ধু চুলা বিষয়ক মতবিনিময়
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বলরামপুর মাতাপুরী পল্লীতে বন্ধু চুলার গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা। মতবিনিময় সভায় বন্ধু চুলা প্রস্তুতকারী জিআইজেড কোম্পানির বিভাগীয় ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, ২ বছরে উপজেলার ৫ শতাধিক গ্রামে প্রায় ৩ হাজার চুলা সরবরাহ করা হয়েছে। এই চুলা পরিবেশবান্ধব জ্বালানি সাশ্রয়ী ও ধোঁয়া-কালিমুক্ত। খড় কাঠ, গুড়িসহ সকল জ্বালানিই এতে ব্যবহার করা যায়। বলরামপুর মাতাপুরী গ্রামের ৭৩টি পরিবার এই চুলা ব্যবহার করায় গ্রামটিকে শতভাগ ব্যবহারকারী হিসাবে ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে জেলার ১৩টি উপজেলায় স্বল্পমূল্যে বন্ধু চুলা দেয়া হবে। -প্রেসবিজ্ঞপ্তি
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি বন্ধে মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধের লক্ষ্যে করণীয় বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে টিআইবির সহায়তায় শনিবার সনাক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। সনাকের তথ্য ও পরামর্শ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এড. তারিক হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) জেসমিন খানম।
ভেড়ামারায় বাংলার মাটি রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভেড়ামারা রেলস্টেশন প্ল্যাটফর্মে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সোলাইমান চিশতী।
কিশোরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ ইটনা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাভিত্তিক বৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইটনা সমিতি এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম এ মালেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন।
মেহেরপুরে বই চাই বিষয়ে ক্যাম্পেইন
মেহেরপুর প্রতিনিধি \ বই হবে সহজ সরল ও তরতাজা, সাবলীল ভাষায় মুদ্রিত। মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেমন বই চাই ক্যাম্পেইন সভায় প্রধান অতিথির ভাষণে মেহেরপুর জেলার জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেন এ কথা বলেন। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
গঙ্গাচড়ায় হতদরিদ্র মহিলাদের প্রশিক্ষণ কর্মসূচি
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) কর্মসূচির আওতায় শনিবার রংপুরের গঙ্গাচড়ায় বেসরকারি সংস্থা পদক্ষেপের উদ্যোগে অতিদরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাঁশের কাজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় ১২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রকল্পের সমন্বয়কারী মাহবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল ম্যানেজার মাহবুবুর রশিদ, এরিয়া ম্যানেজার রওশন আলম।
কালিয়াকৈরে সম্মিলিত নাগরিক ফোরামের কমিটি
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ শনিবার উপজেলা পল্লী বিদ্যুত্ এলাকায় সন্মিলিত নাগরিক কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দেওয়ান মোঃ মোজ্জেম হোসেনকে সভাপতি ও দেওয়ান রকিবউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা সন্মিলিত নাগরিক কমিটি গঠন করা হয়।
ডুমুরিয়ায় ভূমিজ ফাউন্ডেশনের সভা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ইউনিয়ন হেলথ সার্ভিসেস প্রকল্পের মাসিক সভা শনিবার গোলাস্থ ভূমিজ ফাউন্ডেশন কার্যালয় আয়োজন করা হয়। অন্ত্যজ সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বৃদ্ধি, সুপেয় পানি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
নবীনগরে অপরাধ দমনে শান্তি কমিটি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দাঙ্গাপ্রবণ এলাকা শ্রীঘর বাজারে থানা পুলিশের উদ্যোগে অপরাধ দমনে শান্তি কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা বড়িকান্দি ইউনিয়নের শ্রীঘর বাজারে ৫ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন বাড্ডা গ্রামের সালাউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেনা কর্মকর্তা অরুণ সরকার ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ নভেম্বরের পরীক্ষা স্থগিত
গাজীপুর প্রতিনিধি \ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ দিনের স্থগিতকৃত ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা ১৪ নভেম্বর, বিবিএ ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা ১৫ নভেম্বর এবং ১ম বর্ষ অনার্স পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট Web: www.nu.edu.bd, www.nubd.info থেকে জানা যাবে।
আজ বেতিয়ারা শহীদ দিবস
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ আজ চৌদ্দগ্রামে পালিত হবে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। ১৯৭১ সালে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারায় ৯ জন গেরিলা শহীদ হন। স্বাধীনের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে তাদের স্মরণে গণকবর ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। বর্তমানে মহাসড়ক সমপ্রসারণের কারণে স্মৃতিসৌধটি হুমকির মুখে পড়েছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুন্ন রাখতে সহযোদ্ধারা ওই স্থানে সড়ক দ্বীপ নির্মাণ করে গণকবর ও স্মৃতিসৌধ সংরক্ষণের দাবী জানিয়েছেন।
মানিকগঞ্জে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জ প্রতিনিধি \ গত শনিবার মানিকগঞ্জের জিন্নত প্লাজায় এক্সপোর্ট ইনপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ৭৬তম শাখা উদ্বোধন করেছেন এক্সিম ব্যাংকের পরিচালক মেজর (অবঃ) খন্দকার নুরুল আফছার। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা ডঃ মোহাম্মদ হায়দার আলী মিয়া। সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও মুন্নু গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হারুনার রশিদ খান মুন্নু, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, মানিকগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, শিবালয় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম খান, ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এম, এ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহী খন্দরকার রুমী এহসানুল হক, শাখার ম্যানেজার নূর মোহাম্মদ আনছারীসহ গণ্যমান্য ব্যক্তিগণ।
শিবচরে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ তৃণমূল নেতৃবৃন্দের সরাসরি অংশগ্রহণে শিবচরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই বর্ধিত সভায় তৃণমূল নেতৃবৃন্দের ভোটে মাদারীপুর-১ (শিবচর) আসনে একক প্রার্থী হিসেবে জাতীয় সংসদের হুইপ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী এমপির নাম ঘোষণা হয়।
ধামরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ হরতালের সমর্থনে ও বিডিআর বিদ্রোহ মামলায় সাবেক ছাত্রদল নেতা নাসিরউদ্দিন পিন্টুর সাজার প্রতিবাদে শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক ও ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের পক্ষে ধামরাই পৌরসভা, জয়পুরা, কালামপুর, নান্নার, ভাড়ারিয়া ও বালিয়ায় ছাত্রদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কালামপুরে মিছিল শেষ হওয়ার পর পুলিশ আলমগীর হোসেন, আয়নাল হোসেন ও আলম নামের ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে।
সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনার কৃতী সন্তান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসহ গ্রেফতারকৃত বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শনিবার পাবনার সুজানগরের তাঁতীবৃন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাঁতীবৃন্দ ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রউফ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার গোলাম আযম।
নাগরপুরে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া থেকে প্রায় ১ কোটি টাকার হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। উপজেলার পাকুটিয়া বাজার সংলগ্ন পিয়ারা মসজিদের সামনে থেকে শনিবার আটশত গ্রাম হেরোইনসহ ৩ জনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন নাগরপুর উপজেলার মৃত সাহেব আলীর পুত্র আব্দুল মজিদ (৫৫), পুখুরিয়া গ্রামের মৃত কানাই চন্দ্র দাসের পুত্র গোপাল চন্দ্র দাস (৫০), অপর জন হলেন, সাটুরিয়া উপজেলার পুলসুরা গ্রামের জয়েনউদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৪০)।
তালার ইউএনও জেলায় শ্রেষ্ঠ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হয়েছেন। জলাবদ্ধতার কবলে পড়ে তালা উপজেলার অনেক প্রতিষ্ঠানে শিক্ষা র্কাযক্রম ব্যাহত হলেও ইউএনও মোঃ মাহবুবুর রহমান অন্যত্র ক্লাসের ব্যবস্থা করে পাঠদান অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে বিএনপি কর্মীর কারাদণ্ড
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ মধুখালীতে শনিবার ১৮ দলের ৮৪ ঘন্টা হরতালের সমর্থনে ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপি ও তার অঙ্গ সংগঠন একটি মিছিল বের করে। মিছিল শেষে মেছরদিয়া মোড় এলাকায় পিকেটাররা যাত্রীবাহী ৪টি গাড়ি ভাংচুর করে। রাতে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী অভিযান চালিয়ে ৪ কর্মীকে আটক করে। গাড়ি ভাংচুরের অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবহন গাড়ি ভাংচুরের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. ফয়সার (১৮) বিএনপির এক কর্মীকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
মির্জাপুরে ফসলি জমিতে আবাসন প্রকল্পে প্রতিবাদে বিক্ষোভ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটী গ্রামের তিন ফসলি জমিতে আবাসন প্রকল্প করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার বাইমহাটী গ্রামবাসী মির্জাপুর উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ইউএনও অফিসের সামনে মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ করে। জমি রক্ষার দাবিতে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর কাউন্সিলর জালাল উদ্দিন, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও মির্জাপুর উপজেলার সহ-সভাপতি এ কে এম আজাদ স্বাধীন।
কমলগঞ্জে সিএনজি আটকিয়ে ডাকাতি \ আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ডাকাতরা সিএনজি আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চালক খতিব মিয়া (৪৫) কে গুরুতরভাবে আহত করে। আহত সিএনজি চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় পরিবহন শ্রমিকরা ৩ ডাকাতকে আটক করে গণধোলাই দিতে থাকে। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসলে পুলিশের সাথে জনতার উত্তেজনা সৃষ্টি হয়।
ঈশ্বরদীতে ২ বখাটের জেল-জরিমানা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় রায়হান হোসেন (১৮) ও রাসেল হোসেন (১৯) নামের ২ বখাটেকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানোয়ার হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায়হানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রাসেলকে ৩০ হাজার টাকা জরিমান করেছেন।
চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টার হরতালের প্রথম দিনে কুমিল্লা চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রবিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া-কুটুম্বপুর-তীরচর ও দেবিদ্বার উপজেলাধীন আসরা এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান-এর নেতৃত্বে মাধাইয়া বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কুটুম্বপুর বাসস্টেশনে পৌঁছে।
মানিকছড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি \ রাঙ্গামাটির মানিকছড়ি বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল রবিবার ২৪ রাউন্ড তাজা কার্তুজসহ একটি পয়েন্ট টু-টু বোর রিভলবার উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। জানা যায়, রাঙ্গামাটি জোনের অধীন সেনাবাহিনীর ১৬ বীরের ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল মানিক ছড়ি বাজার এলাকার ছগির নামে এক ব্যক্তির বাড়ির ছাঁদ থেকে এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করে। ছগির আহম্মেদ জানান, আমাকে হয়রানি করার জন্য কেউ ষড়যন্ত্র করে আমার বাড়ির ছাঁদে এসব ফেলে রেখে গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকিরের মাধ্যমে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
সোনাতলায় দরিদ্রদের কর্মসূচি উদ্বোধন
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ শনিবার সোনাতলা উপজেলা শিচারপাড়া গ্রামে মোছাঃ জেমি আকতারের বাড়িতে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।