হীরা ফেলে কাঁচ তুলে..
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:৪৬
কথায় বলে রাজার মুকুট আসলে কাঁটার, দূর থেকে ওই রকম দেখায়। আর সুন্দরীর মুকুট! মিস এশিয়া প্যাসিফিক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী ভারতীয় তরুণী সৃষ্টি রানার মুকুট আসলে নকল! সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে সৌন্দর্য প্রতিযোগিতা মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ২০১৩-খেতাব জিতে দেশে ফেরেন সৃষ্টি রানা। কিন্তু মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে সৃষ্টি নামতেই একটা ‘অনাসৃষ্টি’ মার্কা খবর তৈরি হল।
ছত্রপতি শিবাজি বিমানবন্দরে সৃষ্টি পা দিতেই শুল্ক দফতরের কর্মীরা তাকে আটক করে। কারণ ভারতীয় আইন অনুযায়ী কোনও রত্নখচিত মুকুট শুল্ক ও অনুমতি ছাড়া বিদেশ থেকে দেশে আনা যায় না। সৃষ্টির জেতা মিস প্যাসিফিক মুকুট হীরের তৈরি এমনই লেখা আছে। তাই নিয়ম অনুযায়ী শুল্ক মেটানোর পর অনুমতি নিয়ে তবেই তিনি বিমানবন্দর ছাড়তে পারতেন। এরপর সৃষ্টি তার মিস এশিয়া প্যাসিফিকের মুকুটটি বের করেন। কিন্তু এরপরই সবাই অবাক হয়ে যান। পরীক্ষা করে দেখা যায় সেই মুকুটটি আসলে কাঁচ আর সস্তা ধাতুর তৈরি। তাই শুল্ক দফতরের কর্মীরা হাসিমুখে সৃষ্টিকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেন। নকল জিনিস জিতেছেন শুনে মুখ গোমড়া করে বাড়ির পথে হাটেন সৃষ্টি।
গত মাসে মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ২০১৩-এর সেরা সুন্দরীর শিরোপা জিতেন সৃষ্টি রানা। ২১ বছরের এই তরুণী ছিলেন মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতার রানার আপ। দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন তিন মহাদেশের ৪৯টি দেশের বাছাই করা সুন্দরী প্রতিযোগীদের হারিয়ে চ্যাম্পিয়নশিপের মুকুটটি ছিনিয়ে নিলেন ভারত সুন্দরী সৃষ্টি। গত বছরই এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতেরই হিমাঙ্গিনী সিংহ ইয়াদু। সেই হিমাঙ্গিনীই এবার সৃষ্টির মাথায় মুকুট পরিয়ে দেন। সৃষ্টি ও হিমাঙ্গিনীর আগে দুই বলিউড সুন্দরী দিয়া মির্জা ও জিনাত আমন ২০০০ ও ১৯৭০ সালে এই শিরোপা পেয়েছিলেন।