‘জিল্লুর রহমান স্মারক গ্রন্থ’র মোড়ক উন্মোচন
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২১:৩৭
রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে রবিবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণমূলক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। ‘জিল্লুর রহমান স্মারক গ্রন্থ’ শীর্ষক বইটি প্রকাশ করেছে জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ভবিষ্যত্ রাজনীতিকদের অনুপ্রেরণার উত্স। রাষ্ট্রপতি বলেন, ‘জিল্লুর রহমান একই আদর্শে সারাজীবন অটল ছিলেন। একজন রাজনীতিবিদের যতো গুণ থাকা প্রয়োজন তার সবক’টি তিনি অর্জন করেছিলেন। সাহসিকতা, নৈতিকতা ও আনুগত্যের ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। তিনি আরো বলেন, মরহুম রাষ্ট্রপতি তার সারাজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তিনি বলেন, তার মহত্ কাজ ও গুণাবলীর জন্য জাতি তাকে চিরদিন স্মরণ রাখবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আসাদুজ্জামান এমপি অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির হাতে বইয়ের কপি তুলে দেন।