ইব্রার হ্যাটট্রিকে পিএসজির আরেকটি জয়

জ্লাটান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে গতকাল পার্ক ডি প্রিন্সেসে নাইসের বিপক্ষে ফ্রেঞ্চ লিগে ৩-১ গোলে জয়ী হয়েছে টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট-জার্মেই। তিন গোলের সুবাদে সব ধরনের প্রতিযোগিতায় শেষ সাত ম্যাচে এই ফরোয়ার্ডের গোল সংখ্যা ১৩। বিরতির ঠিক আগে সুইডিশ তারকা বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। এরপর বিরতির পরপরই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন। তারপর হ্যাটট্রিক পূর্ণ করার আগে সফরকারীদের পক্ষে একমাত্র গোলটি দেন নেমানজা পেজিনোভিচ। এই জয়ের ফলে লিলির থেকে চার এবং মোনাকোর থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে আছে শিরোপাধারীরা। গত মার্চ থেকে ৩৩টি ম্যাচ অপারিজত থাকার রেকর্ড গড়লো পিএসজি। ম্যাচ দলটির কোচ লরেন্ট ব¬্যাঙ্ক বলেছেন, ‘আজকের ম্যাচের নিয়ন্ত্রণ দারুণভাবে আমাদের হাতে ছিল। বিশেষ করে প্রথমার্ধে তারা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। কঠিন পরিস্থিতি সত্ত্বেও উভয় দলই ভাল ফুটবল খেলার চেষ্টা করেছে। আর সে কারণেই ম্যাচটি এত প্রাণবন্ত হয়েছে। গোলও বেশি হয়েছে।’ সেপ্টেম্বরে থাইয়ের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা থিয়াগো সিলভা এদিন মাঠে ফিরেই অধিনায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া ইনজুরি এবং ফর্মহীনতার কারণে বেশ কয়েকটি ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পরে কাল দলে ফিরেছেন জেভিয়ার পাস্তোর। এডিনসন কাভানি এবং ইব্রাহিমোভিচের দুইটি গোল অফ সাইডের কারণে বাতিল হলেও ৩৯ মিনিটে গ্রেগরী ভ্যান ডার ওয়েইলের ক্রস থেকে দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। তবে দ্বিতীয়ার্ধে পিএসজি আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠে। ৫৬ মিনিটে কাভানিকে গোলে এরিয়ার মধ্যে ভেরোনেস ফাউল করলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুইডিশ তারকা। ৭০ মিনিটে ব্রুলের ক্রস থেকে নাইসের পক্ষে একটি গোল পরিশোধ করেন নেমানজা। এই গোল সফরকারীদের কিছুটা আশার আলো দেখালেও ৭৫ মিনিটে হেডের সাহায্যে ইব্রার হ্যাট্রিকসূচক তৃতীয় গোল তার দলের জয় নিশ্চিত করে। এটি ছিল সুইডিশ তারকার লিগে অষ্টম ও গত সাত ম্যাচে ক্লাবের পক্ষে সব ধরনের প্রতিযোগিতায় ১৩তম গোল। ইব্রার প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ ব¬্যাঙ্ক বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফ্র্যাংক রিবেরি এবং লিওনেল মেসির পাশপাশি ইব্রার নাম থাকলে আমি খুশি হবো।’