হরতালে ব্যাহত প্রিমিয়ার লিগ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫৩
চলমান টানা ৮৪ ঘণ্টার হরতালের কারণে বিপাকে পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ আয়োজন। গতকাল রবিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকালে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমীর মধ্যে একাদশ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু একটি দল নিরাপত্তা নিয়ে আপত্তি তুললে সেই ম্যাচ আপাতত না আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
তবে একাদশ রাউন্ডের শেষ এ ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারেনি সিসিডিএম। জানা গেছে, চার দিনের হরতাল শেষ হলে এ ম্যাচটি আয়োজন করা হবে। আর আগামী ১৫-১৬ নভেম্বর থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের সুপার সিক্স রাউন্ড।