ওয়ানডে সিরিজে দলের বাইরে পোলার্ড ও রোচ

ওয়েস্ট ইন্ডিজ দলের চলমান ভারত সফরে এবার হানা দিয়েছে ইনজুরি। পেসার কেমার রোচ সফরের বাকি ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আর অল রাউন্ডার কাইরন পোলার্ডকে ওয়ানডে সিরিজে পাচ্ছে না ক্যারিবীয় দলটি। কাঁধে ইনজুরির কারণে দ্বিতীয় এবং শেষ টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন রোচ। আর পোলার্ডকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। তবে পোলার্ডের বিশ্রামের কারণ জানা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ দলের ফিজিওথেরাপিস্ট সিজে ক্লার্ক বলেন, রোচের ইনজুরি ক্রিকেটারদের মধ্যে সচরাচর দেখা যায় না। ক্লার্ক বলেন, ‘প্রত্যাশানুযায়ী কেমারের কাঁধের ইনজুরি সেরে না ওঠায় তাকে প্রথম টেস্টে খেলানো হয়নি এবং পুুনর্বাসনের জন্য টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠিয়েছে।’ রোচের পরিবর্তে ফাস্ট বোলার শ্যানন গাব্রিয়েলকে দলে নির্বাচন করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের আগেই তিনি ভারতে পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। গত তিন বছরে ওয়েস্ট ইন্ডিজ দলের আক্রমণ ভাগের মূল দায়িত্ব পালন করে আসছেন ২৫ বছর বয়সী রোচ। এ পর্যন্ত ২৩ টেস্টে ২৭.৭১ গড়ে মোট ৮৫ উইকেট শিকার করেছেন রোচ। আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ ২০ বোলারের মধ্যে (১৪ তম) ক্যারিবীয় দলটির একমাত্র সদস্য।ওয়েস্ট ইন্ডিজে দলের প্রধান কোচ ওটিস গিবসন বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কেমার দেশে ফিরে গেছেন এবং এ সফরে তার আর ফেরার সম্ভাবনা নেই। তিনি একটা বড় পার্থক্য গড়ে দিতে পারতেন বলে আমরা মনে করি।’ কলকাতার ইডেন গার্ডেনে মাত্র তিন দিনে শুক্রবার শেষ হয়ে যাওয়া প্রথম টেস্টে এক ইনিংস ও ৫১ রানে পরাজিত হয়ে ০-১ ম্যাচে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং আইকন শচিন টেন্ডুলকার তার ২০০তম ও বিদায়ী টেস্ট খেলতে নামায় দ্বিতীয় টেস্ট ম্যাচটিও নিজ শহরবাসীর জন্য আড়ম্বরপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এ ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলেরও ১৫০ তম টেস্ট। আগামী ২১ নভেম্বর শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে পুনরায় ডাক পেয়েছেন- কাইরন পাওয়েল, ভিরাসামি পেরমল এবং নারসিং ডিওনারিন। ওয়েস্ট ইন্ডিজ দল : ডোয়াইন ব্রাভো (অধি.), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, নারসিং ডিওনারিন, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনিল নারাইন, ভিরাসামি পেরমল, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপল, ড্যারেন সামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স।-বাসস