নির্বাচন হবে উত্সবমুখর পরিবেশে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী মধ্য জানুয়ারিতে দেশে নতুন সরকার দায়িত্ব নেবে। দেশের মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করবে। এবারের নির্বাচন হবে উত্সবমুখর পরিবেশে এবং সব ভোটার তাতে অংশ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের পথকে আরো সুগম করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, গণতন্ত্রের একটি প্রক্রিয়া হচ্ছে দলীয় মনোনয়নপত্র বিতরণ। আশা করি সকল রাজনৈতিক দল তাদের এ প্রক্রিয়া দ্রুত শুরু করবে এবং দেশের অগ্রযাত্রায় নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে আরো সুদৃঢ় করবে। তিনি বলেন, কেউ যদি ভোটারদের নির্বাচন কেন্দ্রে যেতে বাধা দেয়, তাহলে সেটা গণতন্ত্রের জন্য শুভ হবে না। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ইতিহাস নির্বাচনের ইতিহাস। আওয়ামী লীগ গঠনের পর থেকে স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত সব নির্বাচনে অংশ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সব দলের অংশ গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু দলের কারণে জয়লাভ করা যায় না। ব্যক্তি ইমেজও থাকতে হয়। যারা মনোনয়নপত্র সংগ্রহ করছে তাদের সত্, সর্বজনগ্রাহ্য ও দক্ষ হতে হবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই সকল মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করবেন। পরে পার্লামেন্টারি বোর্ড যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবে কে কোথা থেকে নির্বাচন করবে। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহা উদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন।