সংঘর্ষ গুলি আগুন, হামলায় যাত্রী নিহত, অগ্নিদগ্ধ ২

বিক্ষিপ্ত সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলি বর্ষণ, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। হরতাল চলাকালে গতকাল রবিবার চট্টগ্রামে পিকেটারদের হামলায় অটোরিক্সা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সহিংসতায় কমপক্ষে ২৪ জন গুলিবিদ্ধসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বরিশালে বিএনপি দলীয় কাউন্সিলর আকবর হোসেনসহ বিভিন্ন জেলা থেকে পুলিশ বিরোধী জোটেরপ দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। ঈশ্বরদী, চাটমোহর ও লালপুরে রেললাইন উপড়ে ফেলায় সংশ্লিষ্ট রুটগুলোতে ট্রেন চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। রাজধানীর চিত্র :হরতাল চলাকালে রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। অন্যান্য হরতালের তুলনায় বেশি সংখ্যক যানবাহন চলাচল করে। অনেক দোকানপাট খোলা ছিল। সচিবালয়সহ অধিকাংশ অফিস-আদালতে হাজিরা ও কার্যক্রম ছিল প্রায় স্বাভাবিক। হরতাল আহ্বানকারী দলের কেন্দ্রীয় নেতাদের রাজপথে দেখা যায়নি। তবে গোটা মহানগরী ছিল আওয়ামী লীগ সমর্থকদের দখলে। হরতাল সমর্থনে পিকেটিংকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতাল চলাকালে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। রাত পৌনে ৮টার দিকে ফকিরাপুলে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর তোপখানা রোড থেকে পল্টন মোড় পর্যন্ত ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। এসময় সচিবালয় লক্ষ্য করে পরপর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। সন্ধ্যা ৬টার দিকে পুরানো পল্টন মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। প্রায় একই সময়ে পল্টন মোড়ে পুলিশকে লক্ষ্য করে, কাওরান বাজারে পুলিশের গাড়ির কাছে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। সকালে বিএনপির ৫ মহিলা এমপি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পাশে হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় তারা স্লোগান দিয়ে রাস্তার দিকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সকাল পৌনে ৯টার দিকে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে কয়েকজন ছাত্রদলকর্মী পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল সোয়া ৯টার দিকে নারিন্দা এলাকার হলুদ মসজিদের সামনের সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ৫০/৬০ জন কর্মী ঝটিকা মিছিল বের করে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় রাস্তায় পেট্রোল ঢেলে ?আগুন ধরিয়ে ব্যারিকেড সৃষ্টিরও চেষ্টা করে তারা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত পালিয়ে যায়। হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমাবেশ থেকে বিএনপির গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি। সমাবেশ থেকে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর বাসায় আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তল্লাশির ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। চট্টগ্রাম অফিস:হাটহাজারি উপজেলায় পিকেটারদের ধাওয়ার মুখে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে নির্মল দাস (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার মাদার্শা গ্রামের জেলে পাড়ায়। তার বাবার নাম প্রাণ হরিদাস। নির্মল দাস চট্টগ্রামের ফয়েজ লেক এলাকায় ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। এদিকে হরতাল চলাকালে নগরীর সাগরিকা, অলঙ্কার মোড়, একে খান মোড়, ইস্পাহানি গেট ও কর্নেল হাটের ব্যাপক এলাকাজুড়ে হরতাল সমর্থকদের সাথে হরতাল বিরোধী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। পিকেটাররা এক পর্যায়ে ইস্পাহানি গেটে রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয়। সকাল ৮টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে ১৮ দলের পক্ষ থেকে দাবি করা হয়। এরমধ্যে প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন নগর যুবদল নেতা মোশাররফ হোসেন দিপ্তী। ঘটনাস্থল থেকে পুলিশ ২০ জনকে আটক করেছে। এছাড়া হরতালের আগের রাতে পুলিশ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের ফুটপাত থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে। সিলেট অফিস:সকালে জেলা ও মহানগর বিএনপি, জামায়াত-শিবির মিছিল সমাবেশ করেছে। হরতালের মধ্যে রিকশা চড়ায় নগরীতে এক শিবির কর্মীকে উত্তম-মধ্যম দিয়েছে ছাত্রদল। এদিকে হরতালের আগের দিন নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছে। এই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ বিএনপি ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল অফিস: সকালে ১৮ দলীয় জোটের বিভাগীয় সমন্বয়ক মজিবর রহমান সরোয়ার এমপির নেতৃত্বে শহরে মিছিল সমাবেশ হয়। হরতালের প্রতিবাদে নগরীতে মোটরসাইকেল শো-ডাউন ও মিছিল করেছে আওয়ামী লীগ। এদিকে শনিবার গভীর রাতে মহানগর ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন। রাজশাহী অফিস: নগরীর মালোপাড়ায় মহানগর ছাত্রদল সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে। এসময় পুলিশ বাঁধা দিলে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হন। খুলনা অফিস: হরতালের সমর্থনে সকালে নগরীর পিটিআই মোড় থেকে বিএনপির একটি মিছিল বের হয়। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যশোর অফিস: জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): পিকেটাররা গোলাকান্দাইলের সাওঘাট, তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ২টি ট্রাক ও ২টি বাসে আগুন দিয়েছে। ভুলতা, কাঞ্চন, জিন্দা এলাকায় ভাংচুর করা হয়েছে ৭টি যানবাহন। সরিষাবাড়ী (জামালপুর): উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে কনস্টেবলসহ ১০ জন গুলিবিদ্ধ ও অন্তত আরো ১০ ব্যক্তি আহত হয়েছে। সাতপোয়া ইউনিয়নের বাঘমারা-শিশুয়া ব্রিজপাড় এলাকায় এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ আহতরা হলেন কনস্টেবল ফজলু, যুবলীগ নেতা লিটন, আওয়ামী লীগ কর্মী সুলতান ও আলমগীর, বিএনপি কর্মী রুবেল, হায়দর, হারুন, রহিম, বাদশা ও পথচারি শিশু ইবরাহিম। গুরুতর আহত পুলিশ সদস্যকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): উপজেলার পুলের ঘাট বাজারে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। লালপুর (নাটোর): উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় গ্যাস দিয়ে রেললাইন কেটে বিচ্ছিন্ন করায় ৭ ঘন্টা রাজধানীর সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে। পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএফএম মারুফ চৌধুরীকে বহনকারী ভাড়ায় চালিত মোটরসাইকেলে হরতাল-সমর্থকেরা হামলা চালিয়েছে। সকালে মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে মোটরসাইকেলটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বিচারক অক্ষত আছেন। নারায়ণগঞ্জ:হরতালে মিছিল করতে গিয়ে আটক হয়েছেন নগর বিএনপির দফতর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ। অন্যদিকে ফতুল্লায় সেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ লাঠিচার্জ করলে এতে ৩ জন আহত হয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলমের মাসদাইরস্থ বাসভবনে সকালে আবারও অভিযান চালিয়েছে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসময় কাউকে আটক করেনি পুলিশ। ভ্রাম্যমাণ প্রতিনিধি:ঝিনাইদহ শহরে পিকেটিং কালে ২ যুবদল ও ১ ছাত্রদল নেতাকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক কালীচরনপুর গ্রামের রবিউল ইসলাম ও সদর থানা যুবদলের সদস্য বনানীপাড়ার আরিফ হোসেন এবং ঝিনাইদহ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হামদহ এলাকার মমিনুল ইসলাম। জেলায় ৬ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরদী (পাবনা) :ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে পিকেটাররা রেল লাইন উপড়ে ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে সকালে রাজশাহী ও ঈশ্বরদী হতে ঢাকাগামী এবং ঢাকা হতে ঈশ্বরদী হয়ে খুলনাগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার জানান, ঘটনা শোনার পর দ্রুততার সাথে লাইন জোড়া দেয়ার পর বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার পংকজ কুমার সাহা জানান, পিকেটারদের নাশকতার কারণে যাত্রীরা এসময় চরম ভোগান্তির শিকার হন। এদিকে সকালে শহরের পশ্চিম টেংরী এলাকায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালগামী রোগী বহনকারী একটি এ্যাম্বুলেন্স পিকেটাররা ভাংচুর করেছে। শ্রীপুর (গাজীপুর) :পিকেটাররা ভোরে শ্রীপুর গোসিংগা, শ্রীপুর-রাজাবাড়ী, শ্রীপুর-কাপাসিয়া সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে। গাইবান্ধা:বোনারপাড়া রেলওয়ে জংশনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিনের হুইস পাইপ খুলে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে হরতাল সমর্থকরা। পাঁচবিবি (জয়পুরহাট) :শহরের তৃপ্তির মোড়ে দু’টি ককটেল বিস্ফোরণে বকুল হোসেন (২৮) নামে এক পথচারী আহত হন। জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৩৪ জনকে আটক করেছে। শিবালয় (মানিকগঞ্জ) :ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডের নিকট স্থানীয় হাইস্কুল মার্কেটের সামনে কে বা কারা একটি মিনিবাসে আগুন দেয়। এ সময় ভিতরে ঘুমিয়ে থাকা বাস মালিক স্থানীয় বাসিন্দা মহসিন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পিরোজপুর অফিস:জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করতে ব্রীজের স্লিপার খুলে, রাস্তা কেটে ও টায়ার জ্বালিয়ে বেরিকেড সৃষ্টি করা হয়। নাশকতার আশংকায় ৩২ জন বিএনপি ও জামায়াত কর্মীকে পুলিশ আটক করেছে। জিয়ানগর উপজেলার বালিপাড়া-চরবলেশ্বর রোডের বেইলি ব্রিজের স্লিপার উঠিয়ে ফেলা হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নোয়াখালী :হরতালের আগের রাতে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট-সোনাপুর সড়কের আখড়া বাড়ির দরজায় বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা একটি এম্বুলেন্স ও দুটি ট্রাক ভাংচুর করে। একপর্যায়ে এম্বুলেন্স ও ট্রাকে অগ্নিসংযোগ করেলে এম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। ভোরে সেনবাগ উপজেলায় সেবারহাটে হরতালকারীরা নোয়াখালী-লক্ষ্মীপুরগামী সংবাদপত্রের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষতি সাধন করে। দিনাজপুর:নাশকতার আশংকায় রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের দিনাজপুরের পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) : ভোরে উপজেলার বাদামতলী ও বড়তাকিয়া বাইপাস এলাকায় দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এছাড়া নয়দুয়ারিয়া, মস্তান নগর বাইপাস, সোনাপাহাড় ও কমর আলী, ধুমঘাট এলাকায় বেশকিছু গাড়ি ভাংচুর করা হয়। ময়মনসিংহ:নাশকতার অভিযোগে জেলায় ২০ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। এছাড়া র্যাব শহরের মাসকান্দা এলাকায় একটি ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে। শনিবার সন্ধ্যার পর ও রাতে ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়, ১০/১৫টি সিএনজি ও অটোরিকশা ভাংচুর করে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। ট্রাকের চালক হারুন (২৫) অগ্নিদগ্ধ হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়। লক্ষ্মীপুর: সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কনস্টেবল কালাম, আকবরসহ অন্তত ২০ জন আহত হয়েছে। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলার ভিরেল্লা নামক স্থানে সকালে পিকেটাররা পুলিশের গাড়িতে হামলা করে। এসময় গাড়ির গ্লাস ভেঙ্গে ৩ পুলিশ আহত হয়। ওই ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রাম বাজারে দুপুরে হরতালের সমর্থনে জামায়াতের ঝটিকা মিছিলে ধাওয়া করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে। ফেনী : শহরের এসএসকে সড়কে হরতালের সমর্থনে যুবদল মিছিল বের করলে প্রতিপক্ষ ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডাররা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা আবুল কাশেম ও রাসেল পাটোয়ারী গুরুতর আহত হলে তাদের দ্রুত ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। নেত্রকোনা : পিকেটিং করার সময় পুলিশ ১৫ জনকে আটক করেছে। ভোরে ঢাকা- নেত্রকোনা সড়কের মাওনা নামক স্থানে পিকেটাররা একটি সংবাদপত্রের গাড়ি ভাংচুর করেছে। সেনবাগ (নোয়াখালী) : উপজেলার সেবারহাট বাজারে ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। এসময় তারা বাসটির কাঁচ ভাংচুর করে। ঘটনার সময় পুলিশ থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ রয়েছে। চাটমোহর (পাবনা) : ঢাকা-রাজশাহী রেলপথের মাঝগ্রাম স্টেশনের অদূরে ট্রেন লাইন কেটে ফেলার কারণে এই রুটে ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) : শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য এম এ মান্নানকে বহনকারী গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও গাড়িটির গ্লাস ভেঙ্গে গেছে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর কিউট পল্লী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা ৪-৫ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে। ভেড়ামারা (কুষ্টিয়া) : ভোরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর জিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এস এম পরিবহন (নং- কুষ্টিয়া-জ-১১-০০৩৭) এর একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গাংনী (মেহেরপুর) : পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল মারুফ পলাশকে পুলিশ তার বাড়ী থেকে আটক করেছে। রাঙ্গুনিয়া: হরতাল চলাকালে বোমা তৈরির সময় বিস্ফোরণে উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীরটিলা গ্রামে শাহাবুদ্দিন (৩৩) নামে এক যুবদল কর্মী আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে পুলিশ তাকে সেখান থেকে আটক করে। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জামসহ আরো ২ জনকে গ্রেফতার করেছে। চাঁদপুর: হরতাল সমর্থকরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের বাগাদী এলাকায় গাছের গুড়ি ফেলে এবং চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পিকেটিংকালে পুলিশ ১০ জনকে আটক করেছে। চৌমুহনী (নোয়াখালী): বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে হরতালকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন কনস্টেবলসহ ১০ জন আহত হয়। দুইটি পুলিশের গাড়িসহ ৬টি গাড়ি ভাংচুর করে পিকেটাররা। রংপুর: বিএনপির বিক্ষোভ মিছিল লক্ষ্য করে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ জনকে গ্রেফতার করেছে। হাটহাজারী (চট্টগ্রাম):সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধলই এনায়েতপুর বাজারে পিকেটাররা মিছিল বের করলে যুবলীগের কর্মীরা মিছিলকারীদের উপর হামলা চালায়। এতে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছাইফুল আজম মানিকসহ (৪৫) ৫ জন আহত হয়। গফরগাঁও (ময়মনসিংহ): ছাত্রদলের নেতাকর্মীরা গফরগাঁও-ভালুকা সড়কের ব্র্যাক অফিসের সামনে এবং গফরগাঁও-হোসেনপুর সড়কের লাজিম সরকারের মোড় এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে ৫টি গাড়ি ভাংচুর করে।