বিরোধী দলীয় নেতার নিরাপত্তার দায়িত্ব সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব সরকারের। অনৈতিক হরতাল ডেকে ১৮ জনকে হত্যার কারণে বিক্ষুব্ধ জনতা যাতে তার বাড়িতে হামলা করতে না পারে সে জন্য তার নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতালের নামে যারা মানুষ খুন করে, গণ পরিবহনে আগুন দেয়, ভাংচুর ও লুটপাট করে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা নেয়া হবে। বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতারের ফলে সংলাপে কোনো বাধা সৃষ্টি করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের জন্য আমাদের আমন্ত্রণ অব্যাহত আছে। বিএনপি যদি প্রতিশ্রুতি দেয় তারা হরতাল করবে না, সহিংসতা করবে না তবে পাঁচ নেতাকে ছেড়ে দেয়া হবে কিনা-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নেবেন। সংসদ চলাকালে দুইজন সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে-এটা স্পিকারকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্পিকারকে অবগত করা হয়েছে। সংসদ সদস্য বলে তারা আইনের ঊর্ধ্বে নন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের কোন সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা বলার বলে দিয়েছি। অতিরিক্ত পুলিশ সরে গেছে: গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ও রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গতকাল দুপুরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য সরে গেছে। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশের অতিরিক্ত মুভমেন্ট কিছুটা বাড়ানো হয়েছিল। যারা সার্বক্ষণিক নিরাপত্তায় ( পুলিশ ) নিয়োজিত তারাই দায়িত্ব পালন করছে।