বাবাকে খুন করতে সন্ত্রাসী ভাড়া!

বাবা মায়ের সবচে বড় ভরসা সন্তান। বিপদে আপদে তারাই মা-বাবাকে রক্ষা করে। পিতার সম্পদ রক্ষার দায়িত্বও পালন করে সন্তানরা। বাবার মৃত্যুর পর উত্তরাধীকারী হয় তার সন্তানরা। কিন্তু ভারতের রাজধানী দিল্লির এক কুলঙ্গার পুত্রের তর সইছিল না। তার নাম লালকমল। বাবা কবে মরবে, তারপর সম্পদের উত্তরাধীকারী হবে -সে অনেক দেরি হয়ে যাবে। তাই বাবাকে খুন করতে সন্ত্রাসী ভাড়া করে সে। এক দুই হাজার কিংবা এক দুই লাখ নয়, পাক্কা ৫০ লাখ রুপি তুলে দেয় সে ভাড়াটে খুনির হাতে! এত টাকা পেয়ে পুত্রের আস্থার মর্যাদা দিয়েছে খুনি। লালকমলের বাবা বাজারে যাওয়ার পথে খুনি মোটরসাইকেল চড়ে তার সামনে এসে দাঁড়ায়। এরপর সে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে দেয় ভদ্রলোককে। স্থানীয়রা ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ডাক্তাররা জানান তিনি মারা গেছেন। তবে লালকমল রেহাই পায়নি। পথে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে খুনের দৃশ্য। গ্রেফতার হয়েছে খুনি। পুলিশের লাঠির বাড়িতে সে বলে দিয়েছে সব সত্য।