দুই নেত্রীর আলোচনায় সঙ্কট সমাধান হবে

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন মনে করেন, ব্যবসায়ীদের উদ্যোগে দুই নেত্রী আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান করবেন। গতকাল রবিবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি ছিলেন। সামাজিক দায়িত্বশীলতার আন্তর্জাতিক মানদণ্ড শীর্ষক এই বইটি বিজিএমইএ ও কানাডা হাইকমিশন যৌথভাবে প্রকাশ করেছে। হিদার ক্রুডেন বলেন, ব্যবসায়ীরা সরকার প্রধান ও বেগম জিয়ার সঙ্গে দেখা করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। আমি আশাকরি, আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে। এছাড়া গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয়ে চলমান সংকট দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি। রানা প্লাজা ও তাজরীনের ঘটনার পর দেশের গার্মেন্টস খাত চ্যালেঞ্জে রয়েছে উল্লেখ করে হিদার ক্রুডেন বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকার এই চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবিলা করবে এবং এই উদ্যোগে কানাডা সরকার সহায়তা অব্যাহত রাখবে। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, স্থিতিশীলতা না থাকলে তা স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের উপর প্রভাব ফেলে। মুনাফা করতে হবে। মুনাফার অর্থ পুন:বিনিয়োগ প্রক্রিয়ায় দেশের উন্নয়ন সম্ভব। গার্মেন্টস মালিকদের সামাজিক দায়বদ্ধতার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ মনে করেন, এই খাতে সিএসআর (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) সঠিকভাবে প্রতিপালিত হয় না। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ, অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম ও রিয়াজ বিন মাহমুদ প্রমুখ।