ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের তৃতীয় বর্ষপূর্তি
তিন বছরে প্রায় সাড়ে ৪ কোটি সেবা প্রদান
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৪২
গতকাল ১১ নভেম্বর তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দেশের ৪,৫১৬টি ইউনিয়নে স্থাপিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি)। তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি’র অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে এসব তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়। ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এবং ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকড়ি মুকড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই ইউআইএসসিগুলো উদ্বোধন করেন। গত তিন বছরে এসব তথ্য ও সেবাকেন্দ্র থেকে প্রায় সাড়ে ৪ কোটি সেবা প্রদান করা হয়েছে। আর এসব সেবা প্রদান করে উদ্যোক্তার মোট উপাজর্ন ১৩০ কোটি টাকার উপরে। ইউআইএসসি থেকে প্রদান করা উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে রয়েছে অনলাইনে সাড়ে ৩ কোটির বেশি জন্ম নিবন্ধন, বিদেশ গমনেচ্ছু প্রায় ২০ লক্ষ নাগরিকের অনলাইন নিবন্ধন এবং সাড়ে ৪ লক্ষ জমির দলিলে নকল/পর্চা লাভ। প্রতিটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি একাধিক নারী-পুরুষ বিকল্প উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। ইউআইএসসি’র মাধ্যমে গ্রামীণ মানুষের তথ্য ও সেবাপ্রাপ্তির পাশাপাশি ১০ হাজারের বেশি গ্রামীণ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রামে সরকারি ফরম, নোটিশ, পাসপোর্ট, ভিসাসংক্রান্ত তথ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরির খবর, নাগরিকত্ব সনদপত্র, পাবলিক পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সরকারি সেবা পাওয়া যাচ্ছে। এর বাইরে মোবাইল ব্যাংকিং, বিদ্যুতের বিল পরিশোধ, মাটি পরীক্ষা ও সার সুপারিশ, পাবলিক পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, ইন্টারনেট ব্যবহার করা, কম্পিউটার কম্পোজ, ছবি তোলা ইত্যাদি সেবাও প্রদান করছে সেবাকেন্দ্রগুলো। ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের সাফল্যের ধারাবাহিকতায় দেশের সকল সিটি কর্পোরেশনের ৪০৭টি ওয়ার্ডে ও ৩১৯টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একই ধরনের তথ্য ও সেবাকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে।