ব্র্যাক আইটি সার্ভিসেসের যাত্রা শুরু

বিশ্বমানের আইটি সেবা প্রদানের লক্ষ্যে ব্র্র্যাক ব্যাংক ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিআইটিএস) নামে পঞ্চম অঙ্গপ্রতিষ্ঠান চালু করেছে। ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে বিআইটিএস। ব্যাংকিং খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এফএমসিজি ও কনজ্যুমার ডিউরেবলস, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসমূহকে সেবা প্রদান করবে বিআইটিএস। গত ৭ নভেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে বিআইটিএস’র কার্যক্রম উদ্বোধন করেন। বিআইটিএস’র চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিআইটিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়েদ ইকবাল এবং বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিআইটিএস’র প্রধান প্রধান সার্ভিসের মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডাটা সেন্টার মনিটরিং সার্ভিসেস, ক্লাউড সার্ভিসেস, স্কুল ম্যানেজমেন্ট সলিউশনস, এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি ইত্যাদি।