লালপুরে রেলের চোরাই তেলসহ আটক চার

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে সোমবার ভোরে রেলওয়ে ইঞ্জিনের দুই হাজার একশ লিটার চোরাই তেল (ডিজেল)সহ চারজনকে আটক করেছে র্যাব।

র্যাব-৫ এর নাটোর সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে দশ ড্রাম ও চার জারিকেন ভর্তি ২ হাজার ১০০ লিটার রেলের চোরাই তেল জব্দ করা হয়। এসময় তেল চুরির সঙ্গে জড়িত লালপুর উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুল ইসলাম রাজিব, পোকন্দপাড়া গ্রামের লালন, গোসাইপুর এলাকার আক্কাস আলী ও মাখনকে আটক করা হয়। চোরাই তেল বিক্রয়ের ৬৫ হাজার আটশ টাকা ও তেল পরিবহনের কাজে নিয়োজিত দুইটি নসিমন ভ্যান জব্দ করা হয়।