জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

মুহাম্মদ আল আমীন সহকারী অধ্যাপক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা আমার শুভেচ্ছা নাও। ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়টি পূর্বে ছিল ‘ইসলাম শিক্ষা’ নামে। এ বছর থেকে ‘নৈতিক শিক্ষা’ অংশটি সংযুক্ত হয়েছে। নৈতিকতার সাথে সম্পর্কযুক্ত কয়েকটি পাঠও সংযুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত পাঠগুলো তুলনামূলক বেশি পড়তে হবে। তোমাদের মনে রাখতে হবে, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি কুরআন-হাদিস নির্ভর। ইসলামী জ্ঞানের মূল উত্স কুরআন ও হাদিস। সুতরাং সৃজনশীল প্রশ্নোত্তরে কুরআন ও হাদিসের উদ্ধৃতি দেয়া বাঞ্ছনীয়। তোমাদের প্রশ্নোত্তরে কুরআন ও হাদিসের দলিল যত বেশি থাকবে, প্রশ্নোত্তর তত বেশি উন্নত হবে। ফলে বেশি নম্বর পাওয়া যাবে। তবে এ কথাও মনে রাখতে হবে যে, কোনো বাণী যেন অপ্রাসঙ্গিক না হয়। কিংবা ভুল না হয়। প্রতিটি প্রশ্নের ‘ক’ শিরোনামে যে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, এক কথায় বা ছোট এক বাক্যে এর উত্তর লিখতে হবে। এ ক্ষেত্রে অযথা বেশি কথা লেখা উচিত নয়। ‘খ’ শিরোনামের প্রশ্নের উত্তরও হতে হবে সংক্ষিপ্ত। ‘গ’ এবং ‘ঘ’ শিরোনামের উত্তরে কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিতে হবে। ছোট ছোট আয়াতগুলো আরবিতে লিখতে পারলে ভালো। আরবিতে লিখতে না পারলে সঠিক অনুবাদটি লিখতে হবে। উচ্চারণ লেখা বাঞ্ছনীয় নয়। বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালভাবে পড়ে বুঝে ধীরস্থিরভাবে উত্তর দিবে। এ ক্ষেত্রে শতভাগ সততা রক্ষা করা আবশ্যক। তোমাদের ইহ জীবন ও পরকালীন জীবনের সার্বিক ও কাঙ্ক্ষিত সফলতা কামনা করছি।