গল্প নয় সত্যি

জীবন ঘনিষ্ঠ অ্যালার্ম!

কাজের প্রয়োজনে রোজ সকালেই যাদের বিছানা ছেড়ে নিয়ম মেনে উঠতে হয় তাদের সবার কাছেই ভীষণ প্রয়োজনীয় এক সামগ্রীর নাম অ্যালার্ম ক্লক। বিশেষ করে যারা নিজে থেকে নিয়ম মেনে ঘুম থেকে ওঠার কর্মটি সম্পাদন করতে পারেন না, তাদের দিনের শুরুটা প্রায় পুরোদমেই নির্ভর করে অ্যালার্ম ক্লকের কার্যকারিতার ওপর। কিন্তু দিনের পর দিন একই ধরনের অ্যালার্ম টোন যাদেরকে ঘুম থেকে ওঠার বিষয়ে যথেষ্ট সচেতন করতে পারে না, তাদের জন্য এবার চমকে দেওয়ার মতো এক অ্যালার্ম ঘড়ির ধারণাই নিয়ে এসেছেন একদল পশ্চিমা উদ্ভাবক। নতুন ধারার এই অ্যালার্ম ঘড়িটি সকালে নির্দিষ্ট সময়ে এর মালিককে এমন কিছু অনুপ্রেরণামূলক তথ্য দেখাতে সক্ষম হবে যেটি পক্ষান্তরে ঘুম থেকে ওঠার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের অনুপ্রেরণামূলক তথ্যের মধ্যে থাকতে পারে ব্যক্তির সর্বশেষ অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ, ব্যাংক ব্যালেন্স, গড় আয়ুর হিসেবে মৃত্যুর আগে সম্ভাব্য কর্মসময় কিংবা ফেসবুকে মোট বন্ধুসংখ্যার মতো নানা বিষয়। আর এ সবই ঘড়িটিতে উঠে আসবে ওই ব্যক্তির কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোনের সাথে স্থাপিত তারবিহীন সংযোগের সুবাদে পাওয়া তথ্যের মাধ্যমে। উদ্ভাবকদের দাবি, কেউ যদি এই অ্যালার্ম ঘড়িটিতে সংযুক্ত রেট্রো স্টাইলের এলইডি অ্যানিমেশন প্যানেলে দেখেন যে তার ব্যাংকে মাত্র এত টাকা আছে কিংবা তার জীবনের আর মাত্র এই কটা দিনই হয়তো তিনি পাবেন তাহলে তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজে যুক্ত হওয়ার প্রেরণা লাভ করবেন। ডিজাইনারদের ভাষায় এই অ্যালার্ম ঘড়িটি এক কথায় আপনাকে যেটি প্রতিদিন মনে করিয়ে দিতে চায় সেটি হলো, জীবন কঠিন এবং এটি নিয়ে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার সময় এখনই। মজার বিষয় হলো, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধারণাকে বাস্তবে রূপ দিতে যে তহবিল সংগ্রহের সাইটগুলো থাকে তারই একটিতে এই ধারণাটি লিপিবদ্ধ হওয়ার ক’দিনের মধ্যেই প্রয়োজনীয় অর্থের দ্বিগুণ অর্থ সংগ্রহ করে নিতে সক্ষম হয়েছে।