মোদি কংগ্রেসের
জন্য একটা
চ্যালেঞ্জ
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২০:১৯
ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, বিজেপি থেকে প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি কংগ্রেসের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তাকে কোনভাবেই উপেক্ষা করা যায় না। রবিবার গোয়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। —খবর এনডিটিভির।
চিদাম্বরম বলেন, আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে যে, একটা রাজনৈতিক দল হিসাবে বিজেপিকে কখনোই খাটো করে দেখা উচিত নয়। কেননা বিজেপি দেশের একটা প্রধান বিরোধী দল। আর এখান থেকে কারও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আসা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তবে তাকে যে কোন সমাবেশে কিংবা কথাবার্তায় একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আচরণ করতে হবে। তিনি বলেন, তার কথাবার্তায় অনেক সময় স্বচ্ছতা পরিলক্ষিত হয় না। বড় কোন বিষয়েও তার কোন মন্তব্য থাকে না। মূলত তিনি নির্বাচনী অঙ্গীকারমালা নিয়েই বেশি কথা বলেন।
চিদাম্বরম বলেন, কংগ্রেস মনে করে, রাহুল গান্ধীকেই দলের এবং সরকারের নেতৃত্বে আসা উচিত। যদি জনগণ তাকে সামনের নির্বাচনের মাধ্যমে সেই অবস্থানে দেখতে চায়। তিনি বলেন, আমার ব্যক্তিগত মতামতও হচ্ছে, এখন তরুণ সমাজকে নেতৃত্বে আসা উচিত। আর এভাবেই তরুণরা সরকারের অংশ এবং ভালো সরকার ব্যবস্থার অংশ হতে পারে।