ভাণ্ডারিয়ায় আটকে গেল ২৩ শিক্ষার্থীর ভর্তি

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

মাদ্রাসা বোর্ড ওয়েবসাইটের তথ্য চুরি হওয়ায় আটকে গেছে ভাণ্ডারিয়ার ২৩ শিক্ষার্থীর উচ্চ শিক্ষায় ভর্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার ইকড়ি ইউনিয়নের দারুল হুদা আল গাজজালী ফাজিল মাদ্রাসায়।

সম্প্রতি প্রকাশিক এসএসসি ও সমমানের (দাখিল) ফলাফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ ২৩ শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। কিন্তু দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই তাদের ভর্তির আবেদন গ্রহণ করেনি। কারণ খুঁজতে গিয়েই বেড়িয়ে আসে আসল রহস্য। এদিকে ভর্তির শেষ তারিখ আগামী ২৩ মে পর্যন্ত। উপায় না পেয়ে ভুক্তভোগীরা রবিবার ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের কাছে দারুল হুদা আল গাজজালী কামীল মাদ্রাসার দুর্নীতির বিষয়ে ২৩ শিক্ষার্থীর স্ব স্ব স্বাক্ষরিত কপিসহ একটি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্র থেকে জানা গেছে, ভাণ্ডারিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২৩ শিক্ষার্থী উচ্চ শিক্ষায় (এইচএসসি ও সমমানের) ভর্তির জন্য ভাণ্ডারিয়া সরকারি কলেজ, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে জানতে পারেন যে, ইতিপূর্বেই আল গাজজালি ফাজিল মাদ্রাসায় ই আই এন- ১০২৬৪৪ অনলাইনে তাদের ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। কিন্তু তারা আল গাজজালি মাদ্রাসায় আবেদন করেননি। কারণ খুঁজতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন আল গাজজালি মাদ্রাসার অধ্যক্ষ কৌশলে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইড থেকে ওই ২৩ শিক্ষার্থীর সমস্ত তথ্য চুরি করে তাদের মাদ্রাসার অনুকূলে ভর্তির আবেদন অনলাইনে করে রেখেছে। এদিকে আল গাজজালি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহাম্মুদ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। 

ভাণ্ডারিয়া ইউএনও মো. নাজমুল আলম জানান, যেহেতু ভর্তির সময় কম। তাই শিক্ষার্থীদের অভিযোগপত্রের বিষয়ে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।