জয়পুরহাটে চেয়ারম্যান আজাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

সদরের ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেনকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র্যাব সূত্র জানায়, ২০১৬ সালের ৪ জুন বাড়িতে ফেরার সময় ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান আজাদ নির্মমভাবে খুন হন। এজাহারে নাম থাকলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিল রাজিব হোসেন। সে জেলা শহরের দক্ষিণ বুলুপাড়া (গুলশান মোড়) গ্রামের ইয়াকুব আলীর ছেলে। গোপন সংবাদে সোমবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়।

আজাদ চেয়ারম্যানের হত্যা মামলাটি বর্তমানে সিআইড তদন্ত করছে। সে কারণে রাজিবকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন।