দিনাজপুরে অধিকাংশ বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ

দিনাজপুর জেলার ৯টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিনের পুরাতন ও ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। যে কোন সময় এসব ব্রিজে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জেলা সদরের সাথে ১৩টি উপজেলার যোগাযোগের ক্ষেত্রে ৯টি বেইলি ব্রীজ রয়েছে। এর মধ্যে ফুলবাড়ী সড়কে ১টি, সেতাবগঞ্জ সড়কে ১টি, বীরগঞ্জ সড়কে ১টি, বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে ৩টি ও দিনাজপুর পার্বতীপুর সড়কে ৩টি। এসব বেইলি ব্রীজ দিয়ে প্রতিদিন জেলার প্রায় ১৫ লাখ মানুষ চলাচল করে। কিন্তু ব্রীজগুলো পুরাতন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় কখনও মাল বোঝাই ট্রাক আবার কখনও সাইকেল, রিক্সা-ভ্যান রেলিং ভেঙ্গে পানিতে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় অনেকবার হতাহতের ঘটনাও ঘটেছে। এছাড়া এগুলো এতটাই পুরাতন ও নড়বড়ে যে কোন মুহূর্তে তা ভেঙ্গে পড়তে পারে। তছাড়া ব্রীজগুলো খুবই সংকীর্ণ হওয়ায় একটির বেশি যানবাহন ব্রীজের উপর উঠতে পারে না। ফলে ব্রীজের দু’ধারে যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের ভোগান্তি চরমে উঠে। অনেক সময় মুমূর্ষু রোগী নিয়েও ব্রীজের দু’পাশে এ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে হয়। এর মধ্যে দিনাজপুর-পার্বতীপুর সড়কে ৩টি বেইলি ব্রীজ বেশি ঝুঁকিপূর্ণ। পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক এ প্রসঙ্গে বলেন, আমি অনেকবার ব্রীজগুলো সংস্কারের আবেদন করেছি। কিন্তু বিফল হয়েছি। অন্যদিকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দিনাজপুরে এক্সট্রা পার্টস না থাকায় দুর্ঘটনাকবলিত ব্রীজগুলো তাত্ক্ষণিকভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে দুর্ঘটনাকবলিত ব্রীজগুলো খুব তাড়াতাড়ি মেরামত করা হবে বলে জানান তিনি।