মনোহরগঞ্জে ৩৪টি
প্রাথমিক বিদ্যালয়
ভবন ঝুঁকিপূর্ণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৬
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে প্রায় ৮ হাজার শিক্ষার্থী। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল উদ্বিগ্ন। যে কোন সময় ঘটতে পারে জীবনহানির মত দুর্ঘটনা।
উপজেলা সদরের দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদাইশ, কৈয়ারপাড় ও বশৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয় ৮ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। এছাড়া নাওতলা, শাকতলা, ঠেংগারবাম, বাংলাইশ, মনিপুর, নাথেরপেটুয়া, বিনয়ঘর, চৌরাইশ, জলিপুর, উলুপাড়া, কাঁচি, হাতিয়ামুড়ী, পাঁচরুহী, শ্রীপুর, নোয়াগাঁও, বাইশগাঁও, হাতিমারা, শাহাপুর, নিশ্চিন্তপুর, বাকরা, জাওড়া পূর্ব, জাওড়া পশ্চিম, ভোগই উত্তর, দুর্গাপুর, মান্দারগাঁও, হাটিরপাড়, সাইকচাইল, দৈয়ারা, পোমগাঁও ও লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মন্ডল জানান, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০২টি, এরমধ্যে ৩৪টি বিদ্যালয় ভবন রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।