নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৯
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএফএম আজিজুল ইসলামের(পিকুল) নামে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে। পৌরসভার ঝালুয়া এলাকার মো. রফিকুল ইসলাম ভূঁইয়া রবিবার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
সোমবার সন্ধ্যায় নান্দাইল পৌরসভার সাবেক কমিশনার ও স্থানীয় বিএনপির অপর অংশের নেতা মো. হাকিমুল ইসলাম ভূঁইয়ার ওপর পৌর মেয়রের ১৫/২০ জন সমর্থক হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন পৌর মেয়র ঘটনাস্থলে উপস্থিত থেকে সহযোগীদের নিয়ে হাকিমুলের ওপর এ হামলা চালান। এ বিষয়ে জানতে চাইলে মেয়র আজিজুল ইসলাম (পিকুল) দাবি করেন, তাঁর প্রতিপক্ষ ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টায় এ মামলা দায়ের করেছে।