বিভিন্ন স্থানে সড়ক
দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৯
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রাম হাটহাজারী মদুনাঘাট এলাকার নেয়ামত আলী সড়কে গত রবিবার সিএনজি অটোরিকশা উল্টে নির্মল দাস (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। সে হাটহাজারীর দক্ষিণ মাদার্শার হরিদাসের পুত্র।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গত রবিবার সকালে সড়ক দুঘটনায় বিষু ঘোষ সুজিত (৪০ নামে এক মত্স্য ব্যবসায়ী নিহত হন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে মোড় ঘোরার সময় দ্রুতগতি ভ্যানের উপর থেকে পরে গিয়ে গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দাগনভুঁইয়া (ফেনী) ও সেনবাগ (নোয়াখালী)
ফেনী-নোয়াখালী মহাসড়কে গত রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় জাকের হোসেন (৪৮) নামে এক দুবাই প্রবাসী নিহত ও দুই প্রবাসীসহ ১০ পথচারী গুরুতর আহত হন। আহতরা হচ্ছেন, দুবাই প্রবাসী সেনবাগ উপজেলার ইযারপুর গ্রামের সিরাজ মিয়া, বীরনারায়ণপুর গ্রামের মো. ফিরোজ আলম, রামনগর গ্রামের মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদপুর গ্রামের জোত্না আরা বেগম, রাজারামপুর গ্রামের জাহিদ, উত্তর মোহাম্মদপুর গ্রামের মোমেনা আক্তার প্রিয়া, জেএসসি পরীক্ষার্থী গাউছিয়া আক্তার রিয়া, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রবিন ও ওয়াসেকপুর গ্রামের তানভির। আহতদের সেনবাগহাট মেডিক্যাল সেন্টার, সেবারহাট ইউনাইটেড হাসপাতাল, টৌমুহনী লাইফ কেয়ার হসপিটাল ও দাগনভুঁইয়া মেডিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি সাইকুর আহম্মেদ ভুঁইয়া জানান, অ্যাম্বুলেন্সটি কয়েক স্থানে বেশ কয়েকজনকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।