লামায় ৩০০ একর রাবার
বাগান দখলের চেষ্টা
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:১৯
লামায় কয়েকজন সরকারি কর্মকর্তার নাম ভাঙিয়ে একটি চক্র দীর্ঘদিনের ভোগদখলীয় ৩০০ একর রাবার বাগান দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জবরদখলের জন্য সশস্ত্র দুর্বৃত্তরা গত শুক্রবার সকালে রাবার বাগানে হামলা চালায়। বিকেলে চকরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে হামলা ও দখল চেষ্টার এসব অভিযোগ করেন বাগান ব্যবস্থাপক মো. মফিজুর রহমান। তিনি জানান, দুই যুগের বেশি সময় আগে লামা উপজেলার ফাসিয়াখালী মৌজার ৪, ৫ ও ১১ নম্বর সীটের অধীন এলাকার ১০০ একর রাবার বাগান সরকার থেকে নেয়া লীজ মূলে বৈধ মালিক সানমার গ্রুপ। ওই বাগানের পাশে আর হোল্ডিং মালিকদের কাছ থেকে আরো ২০০ একর জমি ক্রয় করে সানমার ওই এলাকায় একটি রাবার বাগান সৃষ্টি করেন। তিনি আরো জানান, ইতোমধ্যে বাগানের রাবার গাছ বড় হয়ে উঠলে স্থানীয় কিছু চাঁদাবাজ প্রকৃতির লোক কৌশল অবলম্বন করে বাগান দখলের জন্য নানাভাবে পাঁয়তারা শুরু করেন। দখল কাজে প্রশাসনিক সহায়তা নেয়ার জন্য তারা বাগানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.জাফর আলম ও বান্দরবানের সেনা কর্মকর্তা নুরখানের স্ত্রী শারমীন আক্তারের জমি রয়েছে এমন অজুহাত তুলে তাদের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে।
বাগানের ব্যবস্থাপক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রশাসনের ওই কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সর্বশেষ শুক্রবার সকালে স্থানীয় কালু মেম্বারের ছেলে আকতারুজ্জামান, মেম্বার সফিউল আলম, হেলাল ও সাহাবউদ্দিনের নেতৃত্বে সানমার গ্রুপের বাগান দখলে হামলা চালায় ১৫-২০ জনের সশস্ত্র দুর্বৃত্ত দল। এসময় তারা বাগানের বেশ কিছু স্থাপনা ভাঙচুর করেন। ঘটনার সময় স্থানীয় প্রতিবেশী ও অপরাপর রাবার বাগানের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।