গৌরনদী কল্যাণ কেন্দ্রে
৪ বছর সিজারিয়ান
অপারেশন বন্ধ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২০
চিকিত্সকের অভাবে গৌরনদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৪ বছর যাবত্ সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। এতে প্রসূতি মহিলাদের ভোগান্তি বাড়ছে। কিন্তু এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীন বলে এলাকাবাসীর অভিযোগ। জানা গেছে, ২০০২ সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্কালীন মহাপরিচালক তার নিজ এলাকা গৌরনদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান অপারেশনের জন্য একটি আধুনিক অপারেশন থিয়েটার স্থাপনসহ ১ জন গাইনি ও ১ জন এ্যানেসথেসিয়া চিকিত্সক নিয়োগ করেন। তাদের বসবাসের জন্য বিপুল অর্থ ব্যয়ে কেন্দ্রের পাশেই নির্মাণ করা হয় আধুনিক ভবন। এ ছাড়া রোগীদের আনা-নেয়ার জন্য প্রদান করা হয় একটি এ্যাম্বুলেন্স। ২০০৯ সালে মে মাস পর্যন্ত ৮ বছরেরর অধিক সময়কাল প্রসূতি মায়েরা এখানে বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের সুযোগ পেতেন। কিন্তু হঠাত্ করে এ্যানেসথেসিয়া চিকিত্সক বদলি হয়ে যাওয়ার পর থেকে গৌরনদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে এলাকার গরীব লোকজন। গৌরনদী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ আঃ হান্নান এ ব্যাপারে জানান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিত্সক না থাকার বিষয়টি জানিয়ে বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া সত্ত্বেও কোন কাজ হচ্ছে না।