সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২১
চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচনে দৈনিক আমাদের বড়াল পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এসএম হাবিবুর রহমান, ডাঃ অঞ্জন ভট্টাচার্য ও আব্দুল বারী।
সিংড়ায় প্রতিভার উদ্যোগে রক্তদান
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় প্রতিভা বহুমুখী সংঘের সদস্যরা তাদের নিজ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করেছে। গত রবিবার সকাল ১১টায় মুমূর্ষু এক রোগীকে রক্তদান করেন প্রতিভা সংগঠনের সদস্য সুজন আলী। এছাড়াও প্রতিভা বহুমুখী সংঘ এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
দুমকি উপজেলা চেয়ারম্যান বরিশাল বিভাগে শ্রেষ্ঠ
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম উপজেলার বিভিন্ন স্কুল -কলেজ, মাদ্রাসার প্রধান ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন ।
উখিয়ায় ইয়াবাসহ পাচারকারীর ৬ মাসের সাজা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী কালুর দোকান এলাকার নুরুল আলমের ছেলে নুরুল আবছারকে (৩৯) গত শনিবার রাত ৯টার দিকে আটক করেছে। গত রবিবার আটক ইয়াবা পাচারকারীকে উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করেন বলে মরিচ্যা বিজিবির সুবেদার নুরুল ইসলাম জানান।
ধুনটে ছাত্রলীগের ওয়ার্ড সম্মেলন সম্পন্ন
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ১,২,৩,৪ ও ৫নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সালেহ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ তানজিল, যুগ্ম সম্পাদক সুমন আহমেদ প্রমুখ।
আদিতমারীতে কৃষক প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় বোরো ধানের বীজতলা তৈরি, চারার যত্ন ও চারা রোপণ বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গত রবিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম ও ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মামুন-উর রশিদ উপস্থিত ছিলেন।
গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটনস মিলে অগ্নিকাণ্ড
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গত রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটনস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রশাসন এবং ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য পুরো কারখানা রক্ষা পেয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। নাহিদ কটনস মিলের জেনারেল ম্যানেজার মোঃ শহিদুল আলম জানান, সকাল সাড়ে দশটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিলের একটি ইউনিটে হঠাত্ করে আগুনের সূত্রপাত হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মিঠাপুকুরে ডেন্টাল স্বাস্থ্য সেবা ক্যাম্প
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে গত রবিবার পায়রাবন্দ বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেন্টাল স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ঢাকা ডেন্টাল মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ হায়াদার আলী, বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মেফতাজুল ইসলাম মিলন, এছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাফরুহা মিলু ও পরিচালনা কমিটির সভাপতি মাজেদা বেগম উপস্থিত ছিলেন।
চৌগাছার কৃষি অফিসার জেলায় শ্রেষ্ঠ
চৌগাছা (যশোর) সংবাদদাতা \ যশোরের চৌগাছা উপজেলা কৃষি অফিসার এইচএম জাহাঙ্গীর আলম যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। গত রবিবার যশোর শিল্পকলা একাডেমিতে জেলার অতিরিক্ত পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীর আলমকে আপি-আইএফডিসি প্রকল্পের যশোর জেলার শ্রেষ্ঠ কৃষি অফিসার মনোনীত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মুকুল চন্দ রায়। বিশেষ অতিথি ছিলেন ইউরেসিয়া বিভাগের আপি-আইএফডিসি প্রকল্প সমন্বয়কারী ইসরাত জাহান।
বেগমগঞ্জে আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়ে জখম
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোটর সাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় হরতাল সমর্থকরা কুপিয়ে গুরুতর জখম করে এবং তার মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। জানা যায়, গত রবিবার রাত ১১টায় বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিনউদ্দিন (মক্কা মহিন) মাইজদী থেকে নিজ বাড়ি যাওয়ার সময় রাজগঞ্জ বাজারের পশ্চিমে হাদারী নামক স্থানে গেলে কতিপয় হরতালের পক্ষের লোক মোটর সাইকেলের গতিরোধ করে এবং উপর্যুপরি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ফরিদপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ফরিদপুর প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরে পালিত হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম খন্দকার লেভীর নেতৃত্বে বিশাল একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহেল রেজা বিপ্ল¬ব, অ্যাড. জাহিদ ব্যাপারী, আক্কাস হোসেন, শাহ মো. ইমার হক, মাহাবুবুল আলম জিন্না প্রমুখ।
রাজৈরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় । এদিনটি উপলক্ষে গত রবিবার আনন্দ র্যালিটি রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে যুবলীগের সভাপতি নূরুল হক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক সাজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্ল¬বী প্রমুখ ।
ঝালকাঠিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি
ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার আমির হোসেন আমু এমপির বাসভবনের সামনের সড়কে এ সভায় সভাপতিত্ব করেন লিয়াকত আলী খান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম। প্রধান বক্তা ছিলেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির।
আদমদীঘিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল সোমবার বগুড়ার আদমদীঘিতে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু রেজা খান, আবুল কাশেম, সাজেদুল ইসলাম চাম্পা, আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।
আশরাফ বড়াইল ইউপি চেয়ারম্যান নির্বাচিত
ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতা \ গত রবিবার জয়পুরহাটের ক্ষেতলালে বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী মন্ডল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ক্ষেতলাল সদরকে পৌরসভা ঘোষণা করার পর সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মেয়াদ উত্তীর্ণের ৬ বছর পর এখানে নির্বাচন অনুষ্ঠিত হল।
গফরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠাবাষির্কী
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল সোমবার আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আহবায়ক মাহতাব উদ্দিন সাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দুলাল উদ্দিন আকন্দ, আঃ হালিম মানিক, অধ্যাপক মতিউর রহমান বাবুল, উপজেলা যুবলীগ নেতা শেখ ফরহাদ, নজরুল ইসলাম খোকা, মাসুদ শেখ, আনিছুর রহমান, প্রমুখ।
পাথরঘাটায় কিশোর-কিশোরীদের পুরস্কার বিতরণ
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা সিএমইএস’র পাথরঘাটার কিশোর্লকিশোরীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার এ পুরস্কার বিতরণ করা হয়। তৃণমূল পর্যায়ে কিশোর-কিশোরীদের নেতৃত্ব সৃষ্টি, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধে অংশগ্রহণসহ কাজের দক্ষতার মূল্যায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেন্ডার অর্গানাইজার গোলাম আজম সোহেল, সভাপতিত্ব করেন ইউনিট অর্গানাইজার হেমন্ত কুমার রায়।
মুক্তাগাছায় পৌরসভার কাউন্সিলর গ্রেফতার
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ পুলিশের কর্তব্যকাজে বাঁধা, ককটেল বিষ্ফোরণ ও হরতালের নাশকতা এড়াতে গত দুই দিনে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে । গতকাল সোমবার সকালে শহরের বড়হিস্যা বাজার থেকে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মতিউর রহমান মতি, ছাত্রদল কর্মী বকুলসহ ১৮ দলীয় ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করে। এর আগে গত শনিবার থানা পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরীফসহ ১৮ দলীয় আরো ৫ নেতা কর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
মিঠাপুকুরে চলছে রমরমা জুয়ার আসর
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরের বিভিন্ন স্থানে জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার ইমাদপুর ইউনিয়নের ঘাগট নদীর পাড়ে অতুলের ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমজমাট জুয়ার আসর চলে আসছে। এ উপজেলা ছাড়াও গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পীরগাছা থেকে খেলতে আসে জুয়াড়ীরা। স্থানীয় কয়েকজনের নেতৃত্বে জুয়ার আসরে হাজার হাজার টাকার খেলা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে বিশেষ করে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান, মেম্বার অবগত থাকলেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
মেহেরপুর দীঘিরপাড়ায় সাধু সমাবেশে ভক্তি সংগীতের আয়োজন
মেহেরপুর প্রতিনিধি \ গতকাল সোমবার মেহেরপুর দীঘিরপাড়া মহসীন শাহ’র মুরিদ দিবস উপলক্ষে মহসীন শাহ’র আশ্রমে সাধু সমাবেশ ও ভক্তি সংগীতের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ওয়ার্ড সদস্য জাফর ইকবাল ২ দিনব্যাপী সাধু সমাবেশের উদ্বোধন করেন। অনুষ্ঠানে লোকমান সরকার, লাকী সরকার, আলীহীম সরকার ভক্তি সংগীত পরিবেশন করেন।
নোয়াখালী কলেজের আবাসিক ছাত্রীদের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী সরকারি কলেজের শহীদ অহিদুর রহমান অদুদ ছাত্রীবাসে ছাত্রীরা বিবাহিত ছাত্রীদের সিট বহাল, বাবুর্চির বহিষ্কার, মহিলা হোস্টেল সুপার নিয়োগ ও সিট রেন্ট কমানোসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে গত রবিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এসময় তারা অভিযোগ করেন তাদের যৌতিক দাবিগুলো কলেজ কর্তৃপক্ষের কাছে বার বার জানালেও ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ স্বপন চন্দ্র দাস জানান, ছাত্রীদের দাবিগুলো অবাস্তব, অন্যায় ও অযৌক্তিক।
রায়পুরা ইউপিতে সোনা মিয়া নির্বাচিত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গত রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ নাছির উদ্দিন সোনা মিয়া সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা। উল্লেখ্য, গত প্রায় দু’মাস পূর্বে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসমাইল মিয়া স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ফলে এ ওয়ার্ডটি সদস্যশূন্য হয়।
পীরগঞ্জে তুলা ও পাটের গুদামে আগুন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জে একটি তুলা ও পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও পুলিশ জানায়, গত শনিবার মধ্যরাতে আড়াইটার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও মোড়ের একটি তুলা গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী পাটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ , ঠাকুরগাঁও এবং সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাট গুদামের মালিক দুলাল জানান, গুদামে ৩০ হাজার মণ পাট মজুদ ছিল।
পীরগঞ্জে আদিবাসীদের মতবিনিময় সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত রবিবার পীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের আয়োজনে আদিবাসী ক্ষমতায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশের আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি সুনীল কিসকু বাবলু-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান আকতারুল ইসলাম, সেনগাঁও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় ও জাবরহাট ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন সফির প্রমুখ।
বান্দরবানে মানবেন্দ্র লারমার মৃত্যুবার্ষিকী
বান্দরবান প্রতিনিধি \ নানা আয়োজনে বান্দরবানে জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার বান্দরবানে উজানীপাড়াস্থ পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনকারী আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু। পরে উসাচিং মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেএসএস কেন্দ্রীয় নেতা কেএস মং মারমা, জেলা জনসংহতি সমিতির সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, জেএসএস মহিলা দলের সভানেত্রী ওয়াই চিং প্রু প্রমুখ।
গৌরীপুর প্রেসক্লাবে পরিচিতি অনুষ্ঠান
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি। নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা প্রমুখ।
মিঠাপুকুরে ডেন্টাল স্বাস্থ্য সেবা ক্যাম্প
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে গত রবিবার পায়রাবন্দ বেগম রোকেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেন্টাল স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ঢাকা ডেন্টাল মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ হায়াদার আলী, বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মেফতাজুল ইসলাম মিলন, এছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাফরুহা মিলু ও পরিচালনা কমিটির সভাপতি মাজেদা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুলাউড়া রাবার বাগানে ল্যাটেক্স চোর প্রতিহতে গুলি
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ কুলাউড়া উপজেলার বাংলাদেশ বনজ শিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন ভাটেরা রাবার বাগানে ল্যাটেক্স (কষ) চোরদের প্রতিহত করতে গিয়ে গত রবিবার রাবার বাগানের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা আক্রান্ত হন। বাগানের সহব্যবস্থাপক (মাঠ) আফতাবউদ্দিন চৌধুরী জানান, তারা বরমচাল ইউনিয়নের ৫ নং রাবার বাগানের ৩নং সেকশনে গিয়ে দেখেন ইউনিয়নের কলিমাবাদ গ্রামের ২০-২৫ জন চোর কষ চুরি করছে। চোরদেরকে প্রতিহত করতে গেলে তারা রাবার বাগানের লোকদের উপর হামলা চালায়। পরবর্তীতে আরো ৪০-৫০ জন লোক জড় হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করতে গেলে আত্মরক্ষার্থে আনসার তিন রাউন্ড গুলি ছুঁড়ে। গুলিতে কলিমাবাদ গ্রামের সাহেল খাঁ ও আজাদ খাঁ নামে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।
তাহিরপুরে নিখোঁজ যুবক ৯ দিন পর উদ্ধার
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ তাহিরপুর উপজেলার লাউড়ের গড় সীমান্তে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে এলাকাবাসী। আহত যুবক মোস্তফা মিয়া (৩৫) উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের আব্দুর রহিমের পুত্র। জানা যায়, গত ২রা নভেম্বর গোলাম মোস্তফা ও তার সঙ্গীয় ৭-৮ জনের একটি দল ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। সঙ্গীয়রা ভারত থেকে ফেরত আসলেও মোস্তফা মিয়া আটকা পড়ে। এ বিষয়ে মোস্তফার স্ত্রী চানবানু বাদী হয়ে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করে। ৯দিন পর আহত অবস্থায় মোস্তফা ভারত সীমান্ত থেকে তাকে উদ্ধারের জন্য চিত্কার দিলে আব্দুর রশিদ নামের অপর যুবক এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ।
নান্দাইলে ইয়াবাসহ গ্রেফতার দুই
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক মুচিবাড়ি থেকে ৭২ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রামের সোহাগ (২৬) ও কপালহর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খায়েরকে (৪২) গ্রেফতার করেন। নান্দাইল থানার ইনচার্জ খন্দকার জাহিদুল ইসলাম জানান, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৮৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। এ শাখার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম। এসময় উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আতপ চাউল ও মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সেক্রেটারী মসিউল করিম বাবু, ব্যাংকের কমন সার্ভিস ডিভিশনের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রশিদ, জনসংযোগ বিভাগের প্রধান ভাইস প্রেসিডেন্ট সামছুদ্দোহা সিমু প্রমুখ।
সৈয়দপুরে ৪০ দিনের মাটি কাটা কাজের উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসূচির মাটি কাটা কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার এ কাজের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী উপস্থিত ছিলেন। এ প্রকল্পে উপজেলার ৫টি ইউনিয়নে ৩ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ মিলেছে।
সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক নেতাকে হত্যার হুমকি
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোখছেদুল মোমিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মুঠোফোনে এই হত্যার হুমকি দেয়া হয় বলে তিনি থানায় জিডি করেছেন। কে বা কারা কি উদ্দেশ্যে তাকে হত্যার হুমকি দিয়েছেন তা তিনি বুঝে উঠতে পারছেন না বলে স্থানীয় সাংবাদিকদের জানান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদার রহমান হত্যার হুমকির বিষয়টি থানায় জিডি হয়েছে বলে নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জের কলমা ইউপির নতুন চেয়ারম্যান আসাদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত রবিবার লৌহজং উপজেলার কলমা ইউপির উপ-নির্বাচনে ৫ হাজার ৬শ’ ৪৮ ভোট পেয়ে নতুন চেয়ারম্যান হয়েছেন শিকদার আসাদুজ্জামান আসাদ (জাহাজ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম সাগর (তালা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৮শ’ ৬২টি ভোট। রাতে লৌহজংয়ের ইউএনও মো. অহিদুল ইসলাম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মো. জহির হোসেন হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।