আন্তর্জাতিক সাহিত্য উত্সব বৃহস্পতিবার শুরু

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উত্সব ‘হে ফেস্টিভ্যাল’। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এই উত্সব। বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বারের মতো হে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের দুইবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের কয়েকজন শীর্ষস্থানীয় লেখক ও চিন্তাবিদ এই উত্সবে অংশ নেবেন এবং তাঁদের চিন্তা ও অনুভূতি বিনিময় করবেন। সেই সাথে অংশ নেবেন বাংলাদেশের খ্যাতিনামা সাহিত্যিকরাও। সোমবার বাংলা একাডেমির সেমিনার হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মূল সহযোগী ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, উত্সবের সহ-প্রযোজক সাদাফ সায্ সিদ্দিকী প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বলা হয়, ১৪ নভেম্বর সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে এ উত্সবের সূচনা হবে। এরপর শুরু হবে উত্সবের নানা আয়োজন। এ উত্সবকে কেন্দ্র করে বাংলাদেশি লেখকদের একটি অংশ যারা ইংরেজিতে সাহিত্য চর্চা করছেন, তাঁদের মধ্যে শর্বরী আহমেদ, ফারাহ গজনভী, সাদ হোসেন, সাদাফ সায্ প্রমুখের প্রথমবারের মতো বই প্রকাশিত হবে। এছাড়া হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল ইসলামের ইংরেজিতে প্রথম গল্পসংকলন প্রকাশিত হবে এ উত্সবে। এই উত্সবে বিদেশি কবি-লেখকদের মধ্যে থাকবেন—তারেক আলি, আহদাব শোয়েব, পঙ্কজ মিশ্র, নাদিম আসলাম, আমের হুসেন, রমেশ গুনেসেকেরা প্রমুখ। দেশের প্রথিতযশা কবি ও লেখকদের মধ্যে থাকছেন—সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের জন্যও চমকপ্রদ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উত্সবে। জাতীয় কবিতা পরিষদের স্বনামধন্য ও তরুণ কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা, খ্যাতিমান ছড়াকারদের স্বকণ্ঠে ছড়া, নৃ-জাতিগোষ্ঠীর কবিদের স্বকণ্ঠে কবিতা এবং তাঁদের বিলুপ্তপ্রায় ভাষা ও সাহিত্য নিয়ে মনোজ্ঞ আলোচনা থাকবে। আরও থাকবে আঞ্চলিক ভাষার কবিতার উচ্চারণ ও গ্রাফিক্্স গল্প বলার অনুষ্ঠান। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। হুমায়ূন আহমেদকে স্মরণ করল শিল্পিত : ‘নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে’ শিরোনামে আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করে সাংস্কৃতিক সংগঠন শিল্পিত। গতকাল সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, নাট্যজন ঝুনা চৌধুরী, শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ আশরাফউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান গনি।