খায়রুল হত্যা মামলায় গ্রেফতার দুইজন রিমান্ডে

মতিঝিলে ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সায়দাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লা খুনের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর বাবুল ও কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি মশফিকুর রহমান বায়ু। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রবিবার রাতে সায়দাবাদ বাস টার্মিনালসহ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার নিহত খায়রুল আলম মোল্লার স্ত্রী শেফালি আলম মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আসামি করা হয় তৈয়ব আলী, আলী আকবর বাবুল, জাফর, সেন্টু, সুমন, নাইমুর রহমান দুর্জয় ও বাচ্চুকে। মামলায় সায়দাবাদ বাস টার্মিনালের একটি রুটের টোল আদায়কে কেন্দ্র করে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অন্যদিকে, গ্রেফতারকৃতরা ডিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল আলম মোল্লা খুনের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তৈয়ব আলীর পরিকল্পনায় টার্মিনালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই খুন হয়েছে বলে আলী আকবর বাবুল ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ডিবির একজন কর্মকর্তা জানান, খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি মশফিকুর রহমান বায়ুর নিকটাত্মীয় সায়দাবাদ বাস টার্মিনালের শ্রমিক কমিটির সাবেক সভাপতি মহীউদ্দীন মহী। ঘটনার দিন মতিঝিলে সমবায় ব্যাংকে বৈঠকের পরিকল্পনা করেছিলেন মহী। এ কারণে এ খুনের সঙ্গে মহীর কোন সংশ্লিষ্টতা আছে কিনা, সে ব্যাপারে ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করবে।