পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২১:২৩
পরিবেশ দূষণের দায়ে কয়েকটি শিল্প-কারখানাকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার দূষণবিরোধী এই অভিযান কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর।
শিল্পপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠানের মালিক,প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর ঢাকায় তলব করে শুনানি গ্রহণান্তে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ৩৭ লাখ টাকা জরিমানা করেন তিনি।
লাল শ্রেণিভুক্ত হওয়া সত্ত্বেও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইপিটি স্থাপন ছাড়া হাসপাতাল পরিচালনা এবং হাসপাতাল সৃষ্ট বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, সংরক্ষণ ও ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ না করার দায়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, হাসপাতালটি ১৯৯৮ সাল হতে পরিবেশের ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং ইটিপি ব্যতীত পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও, শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার দায়ে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলাধীন পশ্চিম মুক্তারপুর এলাকায় অবস্থিত বর্ণালী ফেব্রিকস লিঃ-কে ১০ লাখ টাকা ও আইডিয়াল টেক্সটাইল মিলস লিঃ-কে ১৫ লাখ টাকা, সাজেদা ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস লিঃ পাঁচদোনা, শিলমান্দি, নরসিংদী-কে ৫ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে নিউ ওরিয়েন্ট ডাইং এন্ড প্রসেসিং লিঃ, পোস্ট অফিস রোড, কতুবাইল, ফতুল্লা, নারায়ণগঞ্জ-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।