মির্জাপুরে খেয়া নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল ঘাটসংলগ্ন লৌহজং নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি প্রবল পানির স্রোতে ভেঙে ভেসে গেছে। বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে লোকজন পারাপার হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

গত রবিবার উজান থেকে নেমে আসা স্রোতের পানি এবং সেই সঙ্গে প্রচুর কচুরিপানার চাপে বাঁশের সাঁকোটি ভেঙে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ফলে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।

গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লোকজন খেয়া নৌকায় পারাপার হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাট একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে একটি পাকা ব্রিজ অথবা ফুট অভার ব্রিজ নির্মাণ অতি জরুরি। ইতিপূর্বে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ ব্রিজ নির্মাণের টেন্ডারও হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে সে ব্রিজ নির্মাণ আর আলোর মুখ দেখেনি।