বার্সার জয়কে ছাপিয়ে গেল মেসির ইনজুরি

বার্সেলোনা গত রবিবার রাতে রিয়াল বেটিসকে ৪-১ গোলে হারিয়ে স্পানিশ লিগের শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান গড়ে নেয়। কিন্তু বিপক্ষের মাঠে জিতলেও শিরোপাধারীদের দুশ্চিন্তায় ফেলে দেয় লিওনেল মেসির ইনজুরি। ফিফার বর্ষসেরা এই ফুটবলার খেলাটিতে ২০ মিনিটের সময় ইনজুরিতে পড়েন। এ নিয়ে চলতি মৌসুমে তিনবার ইনজুরিতে পড়ায় কোচ জেরার্ডো মার্টিনোও তাকে নিয়ে চিন্তিত। আর্জেন্টাইনটি রিয়াল বেটিসের মাঠে বিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেয়ার চেষ্টা চালানোর সময় মাটিতে পড়ে যান। ধারণা করা হয় বাম পায়ের হ্যামস্ট্র্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। মেসি নিজেই ওই অবস্থাতেতে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন। কোচ তাকে তুলে নিয়ে মাঠে পাঠান ইনিয়েস্তাকে। মেসির মাঠে না থাকা নিয়ে অবশ্য কাতালানদের কোন সমস্যায় পড়তে হয়নি। বরং বিরতি সময়েও দলটি দুই গোলে এগিয়ে ছিল। নেইমার বিরতির আগের ১০ মিনিটে সেসক ফেব্রেগাসের জোগান থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এর এক মিনিটের মধ্যেই নিজেদের অর্ধ থেকে দৌড়ে গিয়ে দারুণ এক গোল করেন পেড্রো। ফেব্রেগাস নিজে বিরতির পর দুই গোল দেন। প্রথমটি ৬৩ মিনিটে এবং শেষটি রেফারির শেষ বাঁশির ১১ মিনিট আগে। পরেরটি দানি অ্যালভেজের ক্রস থেকে ফেব্রেগাসের হেডে জালে যায়। কিন্তু অ্যালভেজ এর পর নিজেদের বক্সে বিপক্ষের এক খেলোয়াড়কে ফেলে দিলে পেনাল্টিতে এক গোল হজম করতে হয় সফরকারীদের। বার্সেলোনা এ জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পরিষ্কার ব্যবধান গড়ে নিল। তাদের মুল প্রতিদ্বন্দ্ব্বী রিয়াল মাদ্রিদ এ রাউন্ডে পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ৫-১ গোলে জিতলেও এখন পর্যন্ত বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে আছে। অ্যাতলেটিকো রবিবার রাতে চতুর্থ স্থানে থাকা ভিলারিয়ালের সাথে ১-১ গোলের ড্রয়ে বাধ্য হয়। চলতি মৌসুমে এ নিয়ে কেবল দুবার পয়েন্ট খোয়াল কোচ দিয়েগো সিমিওনের দল। এদিকে বার্সা কোচ আশংকা করছেন সর্বশেষ ইনজুরি মেসিকে মানসিকভাবে সমস্যায় ফেলতে পারে। ক্লাবটি জানিয়েছে তারা মেসির ইনজুরির ব্যাপকতা দেখতে স্ক্যান করাবে। গত রাতেই এটি হয়ে যাবার কথা। মেসির স্বদেশী কোচ মার্টিনো বলেন, ‘আমরা লিওনেলের সাথে কথা বলবো এবং দেখবো সে মৌসুমের তৃতীয় এই ইনজুরিটি নিয়ে দুশ্চিন্তায় আছে কিনা। এটা সত্য যে প্রথমটি কাটিয়ে উঠতে তার বেশি সময় লাগেনি। কিন্তু এটা তৃতীয় দফা ঘটলো এবং তাকে মানসিকভাবে সমস্যায় ফেলতে পারে।’ মেসির শারীরিক ফিটনেস নিয়ে দুশ্চিন্তা কেবল স্পানিশ জায়ান্টদের একার নয়। আর্জেন্টিনাও তাকে নিয়ে দুর্ভাবনায় থাকবে। কেননা তিনি এমন একটি বছরে ইনজুরিতে পড়ছেন যখন শুধু স্পানিশ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ নয়; বিশ্বকাপও সমাগত প্রায়। তাছাড়া সাম্প্রতিক খেলাগুলোয় মেসি আগের মতো গোলও পাচ্ছেন না। তার বার্সেলোনা ক্যারিয়ারে যা আগে কখনো এতটা গুরুতর হয়ে দেখা দেয়নি। উল্লেখ্য, মেসির সর্বশেষ ইনজুরিটি দেখা দিয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে। সেবার তিনি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছিলেন তিনি। এ কারণে তখন তিনি দুটি খেলায় অংশ নিতে পারেননি। প্রথমটি ছিল সেলটিকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এরপরেরটিতে তিনি লা লিগায় ভ্যালাদোলিদের সাথে অনুপস্থিত থাকেন।