চট্টগ্রামে সিক্স-এ সাইড ক্রিকেট শুরু বৃহস্পতিবার
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২২:০৩
জেলার সাবেক ক্রিকেটারদের নবগঠিত সংগঠন চিটাগাং উইকএন্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সিক্স-এ সাইড ক্রিকেট উত্সব। আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে এ টুর্নামেন্টে। দলগুলো হচ্ছে চিটাগাং ক্লাব লিমিটেড, এফএমসি গ্রুপ, ডিবিএল গ্রুপ, পাইরেটস অব চিটাগাং নিউটেক অ্যাপারেলস, রিজেন্ট এয়ারওয়েজ, বারকোড ক্যাফে ও অ্যারিসটোস হোটেল। তিন দিনব্যাপী এই ক্রিকেট উত্সবে সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বর্তমানে খেলছেন এমন দু’জন ক্রিকেটার প্রত্যেক দলের পক্ষে অংশ নিতে পারবেন।
বর্তমান প্রজন্মের সাথে সাবেক কৃতী ক্রিকেটারদের সেতুবন্ধন রচনা করে এই অঞ্চলের ক্রিকেটকে সোনালী দিনে ফেরানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তিন দিনের এ উত্সবকে মুখর করে রাখতে জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
খ্যাতির চূড়ায় পৌঁছানো চট্টগ্রামের কৃতী সন্তান আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, জাহিদ রাজ্জাক মাসুম, মোর্শেদুল আলম চৌধুরী, বর্তমান প্রজন্মের ক্রিকেটার তামিম ইকবাল, নাফিজ ইকবাল, আফতাব আহমেদ, নাজিম উদ্দিনসহ অন্য তারকা ক্রিকেটারদেরও বিভিন্ন দলের পক্ষে খেলতে দেখা যাবে। উইকএন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত সিক্স-এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার যাবতীয় খরচ বহন করবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওবায়েদ নিজাম। তাই এই ক্রিকেট উত্সবের নামকরণ করা হয়েছে ওআর নিজাম সিক্স-এ সাইড ক্রিকেট ফেস্ট।
টুর্নামেন্টের সকল খেলা হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। এটি শেষ হবে ১৬ অক্টোবর। নগরীর সিনিয়র ক্লাব মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্সব কমিটির চেয়ারম্যান সুলতানুল আবেদীন চৌধুরী টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। কমিটির অন্যতম সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল, শহীদুর রহমান, চট্টগ্রাম জেলা দলের সাবেক ক্রিকেটার ফজলে রাব্বী রুবেল, ফজলে আহসান টিটু, শাকিল আবেদীন ও ইবনুল হায়দার রিপন এ সময় উপস্থিত ছিলেন।