ক্রীড়াবিদদের জন্য বিওএ’র বেতন কাঠামো
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২২:০৩
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) তাদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু করা হবে। প্রশিক্ষণে থাকা পাচটি ক্রীড়া ইভেন্টের প্রত্যেক ক্রীড়াবিদ প্রতি মাসে ১২ হাজার টাকা করে পাবেন। সাথে বাড়তি তিন হাজার টাকা মাসে এবং খাওয়া বাবদ প্রতিদিন ৫০০ টাকা। একজন খেলোয়াড়কে এভাবে সুযোগ-সুবিধা দিয়ে প্রশিক্ষণ শিবির চালুর উদ্যোগ নেয়া হয়েছে। শ্যুটিংয়ে ৮ জন, আরচারিতে ৭ জন, তায়কোয়ানডোতে ৪ জন, সাঁতারে ৪ জন, বক্সিংয়ে ৩ জন মিলিয়ে মোট ২৬ ক্রীড়াবিদকে সেনাবাহিনীর অবকাঠামোতে রেখে প্রশিক্ষণ দেয়া হবে। এই শিবিরে আরো দুটি খেলা অন্তর্ভুক্ত হতে পারে। জিমন্যাস্টিকসে ২ জন এবং ব্যাডমিন্টনে ২ জন। বিশেষায়িত এই প্রশিক্ষণে নেই অ্যাথলেটিকস। তবে আরো দু’-একটি খেলা প্রশিক্ষণ শিবিরের জন্য নতুন করে বিবেচনা করা হতে পারে। তার আগ পর্যন্ত পাঁচটি খেলার জন্য বাজেট প্রায় পৌনে দুই কোটি টাকা। ডিসেম্বরে প্রশিক্ষণ শুরু হবে। খেলোয়াড়দের নাম বিওএ’র সভাপতির কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। প্রশিক্ষণের জন্য থাকবেন বিদেশি কোচ। এরই মধ্যে আরচারী ও তায়াকোয়ানডো বিদেশি কোচের অধীনে রয়েছে। আর শ্যুটিংয়ের জন্য কোচ আনা হবে দুই হাজার ডলার বেতন দিয়ে। সাঁতার এবং বক্সিং চাইলে বিদেশি কোচ পাবে। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশেও পাঠানো হতে পারে। বিশেষায়িত প্রশিক্ষণে থাকা ক্রীড়াবিদদের নিয়ম-শৃংখলার মধ্যে থাকতে হবে। জানা গেছে ক্রীড়াবিদদের ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে সব নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে।