সাধারণ শিক্ষায় যুক্ত হচ্ছে ভোকেশনাল

কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও দক্ষ জনশক্তি তৈরিতে মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষায় যুক্ত হচ্ছে ভোকেশনাল কোর্স। এর আওতায় প্রাথমিকভাবে দেশের ৬৪০টি প্রতিষ্ঠানে প্রতিটিতে দুটি করে ট্রেড কোর্স চালু করা হবে। পরবর্তীকালে এ কর্মসূচির আওতা বৃদ্ধি করে পর্যায়ক্রমে মাধ্যমিকের সকল (স্কুল-মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স চালু করা হবে। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভায় আগামী নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ, অবকাঠামো নির্মাণসহ সকল কাজ চূড়ান্ত করতে তাগিদ দেওয়া হয়। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে একাধিক বৈঠক হয়।

সূত্র জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ে ভোকেশনাল শিক্ষা দিতে হলে ৬৪০ স্কুল-মাদ্রাসায় নতুন করে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি করা হবে।

সভা সূত্রে জানা যায়, মাধ্যমিকের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় নবম-দশম শ্রেণিতে এসএসসি/দাখিল ভোকেশনাল কোর্স চালু করা হবে। কর্মসূচির আওতাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ১২টি ট্রেডের মধ্যে পছন্দ অনুসারে দুটি ট্রেড চালু করবে। প্রতিটি প্রতিষ্ঠানে দুটি ট্রেডে মোট (প্রতি ট্রেডে ৪০ জন করে) ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।জানা যায়, নির্বাচিত প্রতিষ্ঠানে অতিরিক্ত তিনটি করে শ্রেণিকক্ষ নির্মাণের কাজ চলছে। ভোকেশনাল কোর্স চালু করতে প্রতিটি প্রতিষ্ঠানে দুই জন ট্রেড ইনস্ট্রাক্টর, একজন করে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ের সহকারী শিক্ষক, একজন করে কম্পিউটার প্রদর্শক ও ল্যাব সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে।