নির্বাচন ছাড়া ইসির সামনে বিকল্প নেই :শাহ নেওয়াজ
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩৪
সংবিধান অনুযায়ী আগামী দশম সংসদ নির্বাচন আয়োজন ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও সংবিধান অনুসারে নির্বাচন করতেই হবে। কারণ কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই সংবিধান অনুসারে আমাদের নির্বাচন করতে হবে।
গতকাল সোমবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে কমিশন একটি সুন্দর নির্বাচন করতে চায়। সকল দল অংশ না নিলে একটা অসঙ্গতি তো থেকেই যাবে। আমরা আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে এবং কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিবে। কিন্তু কোনো রাজনৈতিক দল নির্বাচনে না আসলে কমিশনের কিছুই করার থাকবে না।
বিদ্যমান পরিস্থিতিতে দুই দলের মধ্যে কোনো সমঝোতার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত কমিশনের আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে মূল সমস্যা রাজনৈতিক। এখানে কমিশনের কিছুই করার নেই।
নির্দিষ্ট সময়ের মধ্যে আচরণ বিধির উপর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি সুপারিশ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কিছু সুপারিশ আমরা পেয়েছি। তবে বড় রাজনৈতিক দল থেকে কোনো ধরনের সুপারিশ আসেনি। দ্রুত আচরণ বিধি চূড়ান্ত করা হবে। যারা পালন করবেন না তাদের জন্য কারাদণ্ড এবং অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে আচরণ বিধিতে।