দীপু মনি-খুরশিদ বৈঠক

স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সম্পাদনে ভারতকে তাগিদ

স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন ও তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনে ভারতকে আবারো তাগিদ দিলো বাংলাদেশ। গতকাল সোমবার বিকালে নয়াদিল্লির গুরগাঁওয়ে এশিয়া-ইউরোপ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ তাগিদ দেন। প্রায় ১০ মিনিট স্থায়ী এ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। ঢাকায় প্রাপ্ত খবর অনুযায়ী বৈঠকে সালমান খুরশিদ বলেছেন, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারত অঙ্গীকারাবদ্ধ। ভারতীয় পার্লামেন্টের আগামী শীতকালীন অধিবেশনে এ চুক্তি কার্যকর করতে সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস ও আসাম গণপরিষদের বিরোধিতার কারণে সরকার দুই বার বিলটি সংসদে উত্থাপন করতে পারেনি। এছাড়া ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে তিস্তার পানি বণ্টন চুক্তি শেষ মুহূর্তে আটকে যায়। এ দুইটি বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সালমান খুরশিদ ছাড়াও দীপু মনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী লোয়ানিস কাসোলাইডস এর সঙ্গে সাক্ষাত্ করেন। আজ মঙ্গলবার বিকালে দীপু মনি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের জন্য দিল্লি ছেড়ে যাবেন। আগামী ১৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।