সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার রাতে আফতাব আলী কালা মিয়া গ্রুপ ও আব্দুল আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর উত্তর) মোহাম্মদ ইব্রাহিম খানসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতরা হচ্ছেন আব্দুল আলী গ্রুপের হরমুজ আলী (৬০) এবং কালা মিয়া গ্রুপের রুহুল আমিন (৩০)। কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে সন্ধ্যায় বিবদমান দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসী জানায়, আফতাব আলী কালা মিয়া উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী। আব্দুল আলী তার আত্মীয়। এক সময় তাদের মধ্যে সখ্যতা ছিল।