হরতাল বা গ্রেফতার কোনটাই সংলাপের জন্য সহায়ক নয়

বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতায় অব্যাহতভাবে উদ্বিগ্ন কানাডা। গতকাল সোমবার কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন এক বিবৃতিতে সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের উপর জোর দেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সংলাপ জরুরি। দুর্ভাগ্যজনকভাবে হরতাল কিংবা গ্রেফতার কোনটিই সংলাপের জন্য সহায়ক নয়। কানাডা ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় খুবই উদ্বিগ্ন। এসব ঘটনায় বাংলাদেশকে অনেক মূল্য দিতে হচ্ছে। ধর্মীয় সংখালঘুদের উপর হামলার ঘটনা হতাশাজনক। আমরা সব দলকে সহিংসতার অবসান ঘটিয়ে সমস্যার সমাধানে শান্তিপূর্ণভাবে কাজ করার আহবান জানাই। এই অবস্থার প্রভাব সমাজের সবচেয়ে দুঃস্থদের উপর পড়ছে, যা কোনভাবেই খাটো করে দেখা যাবে না। বিবৃতিতে হাইকমিশনার বলেন, কানাডা গণতান্ত্রিক ও মৌলিক অধিকার হিসাবে শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন জানায়। বাংলাদেশ ও কানাডা মানবাধিকার, গণতন্ত্র ও বহুমতের প্রতি শ্রদ্ধা জানায়। কোন দল বা গোষ্ঠীর দ্বারা সহিংসতা দুই দেশ সমর্থন করে না। সব দল সংলাপে বসে রাজনৈতিক ইস্যুগুলো নিষ্পত্তি করবে এবং স্বচ্ছ, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেন হিদার ক্রুডেন।