খালেদার বাসায় পানি গ্যাস সংযোগ বন্ধের অভিযোগ ভিত্তিহীন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দলীয় নেতার বাসায় পানি-গ্যাস সংযোগ ও খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে খালেদা জিয়ার বাসায় বিশেষ এক ধরনের পানি বন্ধ করে দেয়া হয়েছে। হরতালের কারণে ওই এক ধরনের পানি তার বাসায় যেতে বাধাগ্রস্ত হচ্ছে। তবে এজন্য আমরা দায়ী নই। গতকাল সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জনগণকে জিম্মি করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ১৮ দলীয় জোট উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমরা দেখেছি অতীতের তুলনায় খালেদা জিয়াকে আরও পরিপাটি দেখাচ্ছে। তার বাসায় খাবার এবং পানি ও গ্যাসের লাইন বন্ধ করে দেয়া হতো, তাহলে কি তাকে এমন পরিপাটি দেখাত। হরতালকে কেন্দ্র করে সারা দেশে ঘৃণিত সন্ত্রাসী বেড়ে যাওয়ায় খালেদা জিয়ার বাড়িতে শুধু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।