‘কওমী সনদের আড়ালে ওলামাদের মাঝে বিভক্তির চক্রান্ত চলছে’

কওমী মাদ্রাসার আঞ্চলিক বোর্ডসমূহের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছেন, সরকার কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন ২০১৩ করতে ব্যর্থ হয়ে সনদের নামে আলেমদের মাঝে বিভক্তি সৃষ্টির চক্রান্তে লিপ্ত হয়েছে। বিবৃতিতে আলেম-ওলামা ও কওমী মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত সরকার পরিষ্কার করে বলেনি যে তারা কওমী মাদ্রাসা নিয়ন্ত্রণ করতে চায় না। সরকার দেওবন্দের উসূলে হাশগানা (অষ্ট মূলনীতি) এর আলোকে কওমী সনদের স্বীকৃতি দেবেন তার কোনো লিখিত নীতিমালাও প্রকাশ করেনি। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতির পক্ষে বলতে গিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বিবৃতি প্রচারিত হচ্ছে। এই বিবৃতির সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, তানজীমুল মাদারিস উত্তরবঙ্গের সভাপতি ফকীহুল মিল¬াত মুফতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হারুন, বগুড়া জামিল মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আবদুল হক হক্কানী, বেফাকুল মাদারিসিল আরবিয়ার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, ইত্তেহাদুল মাদারিস চট্টগ্রামের সাধারণ সম্পাদক আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী প্রমুখ।