বিএনপি চলছে ভাড়া করা নেতৃত্বে —তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে এখন বিএনপির নেতৃত্ব নেই। বিএনপি ভাড়া করা নেতৃত্ব দিয়ে চলছে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘গণমাধ্যমে দেখেছি, কর্নেল অলি (অলি আহমদ) বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের দায়িত্ব নিতে চান। বিএনপি ইতিপূর্বেও ধার করা নেতা দিয়ে চলেছে। ঐক্যফ্রন্ট গঠন করে প্রকৃতপক্ষে বিএনপি জোটের নেতৃত্ব ড. কামাল হোসেনদের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেটি এখনো বহাল আছে। বিএনপি এখন নতুন করে আবার নেতৃত্ব ভাড়া করবে কি না, সেটি বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।’

হাছান মাহমুদ বলেন, তারেক রহমান যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত পলাতক আসামি। দেশের বাইরে থেকে দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। সেই কারণে বিএনপির বহু সিদ্ধান্ত বাস্তবসম্মত ছিল না। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় পৌঁছেছে বলেই অন্য দলের নেতারা তাদের (বিএনপি) জন্য ভাড়ায় যেতে ইচ্ছা প্রকাশ করার সাহস পাচ্ছেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির নানাবিধ ভুল সিদ্ধান্তের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের আজকের এই দৈন্যদশা ক্রমাগত ভুলের কারণে।

তথ্যমন্ত্রী বলেন, রূপপুরের ঘটনায় অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।