বিদ্যুত্ উত্পাদনে বর্তমান সরকার ‘গোল্ডেন এ’ পেয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, বিদ্যুত্ উত্পাদনে আওয়ামী লীগ সরকার ‘গোল্ডেন এ’ পেয়েছে। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিদ্যুত্ উত্পাদনের এই ধারা অব্যাহত রাখতে হলে রাজনৈতিক ধারাবাহিকতা থাকতে হবে। সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা দশ হাজার মেগাওয়াট অর্জনের মাইল ফলক ও জাতীয় বিদ্যুত্ সপ্তাহ ২০১৩’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে তারা এসব কথা বলেন। সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উল্লেখ করেন, বর্তমান সরকারের সময় বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধির ফলে খাদ্য উত্পাদন বেড়েছে। এছাড়া পোশাক শিল্পের বিকাশসহ নানা দিক দিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষক হিসাবে আমাকে যদি বিদ্যুত্ খাতের মূল্যায়ন করতে বলা হয় তাহলে আমি সরকারকে ‘গোল্ডেন এ’ দিব।