ভারতীয় হাইকমিশনারের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাত্

ইত্তেফাক রিপোর্ট

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর সঙ্গে সাক্ষাত্ করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জি এম কাদের হাইকমিশনারের বাসায় যান। এ সময় ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বদিপ দে, প্রথম সচিব নবনীতা চক্রবর্তী এবং জাপা চেয়ারম্যানের কূটনৈতিক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা উপস্থিত ছিলেন। হাইকমিশনারের বাসা থেকে বেরিয়ে জি এম কাদের গণমাধ্যমকে বলেন, ভ্রাতৃপ্রতিম দুটি দেশের সামগ্রিক দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জি এম কাদেরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আলোচনা অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। তবে কী বিষয়ে আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ তা উল্লেখ করা হয়নি।