সোনালী দিন

কাল সকালে বৃষ্টি ছিল — অঝর ধারা রাতে তালের পাতায় ছন্দ দোলা, দুঃখ কলার পাতে। আজ সকালে বৃষ্টি উধাও মেঘরা পেজা তুলো চোখ মেলেছে সূর্যি মামা, জ্বলছে মাটির চুলো। কান্না ভুলে হাসছে আকাশ- চোখ মেলেছে তারা পালিয়ে দূর আকাশে দুখের শ্রাবণ ধারা। সোনালী দিন তাই আকাশে আলোর কারুকাজ আবির রঙে সেজেছে আজ লালচে মায়ার সাঁঝ। খেয়ার ঘাটে আড্ডা এখন, জাগছে মনে ছড়া উঠছে হেসে নতুন করে চাঁদমনিদের ধরা। পদ্মপাতে জলের নাচন— লাল শালুকে হাসি শিউলী বাগে খোকা-খুকুর পুতুল খুঁজে মাসি। চমকে শিশির আগাম ধানের সবুজ শীষে শীষে না বলা সব কথার মালায় হারায় কারা দিশে। কাল সকালে বৃষ্টি ছিল— গোমরা খুকুর মুখ হেমন্তে আজ সোনালী দিন নাচায় কিশোর বুক। জাগছে সাড়া শহর গাঁয়ে মাতছে ফুলের বন রুপাল ধানের স্বপ্নে বিভোর কৃষাণ বধূর মন।