আবারও আদালতে অ্যাপল-স্যামসাং

দুই টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি নতুন নয়। বরং গত দুই বছর সময়ে তাদের মনোযোগের অন্যতম কেন্দ্রে ছিল প্যাটেন্ট মামলা। বেশকিছু মামলায় রায় আসে অ্যাপল’র পক্ষে। স্যামসাংও বেশকিছু দেশে রায় পায় নিজেদের পক্ষে। তবে এসব মামলার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের রায়টি। গত বছরে এই মামলার রায় দেওয়া হলেও চলতি বছরের মার্চ মাসে এই রায়টির একটি রিভিউ হয়। আর তাতে বিচারক জানান, এই মামলার ক্ষতিপূরণের অংকটি পুনর্নিধারণ করা প্রয়োজন। বিচারক লুসি কোহের মতে ক্যালিফোর্নিয়ার আদালত এই ক্ষতিপূরণ সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি। ১ বিলিয়নের মধ্যে ৫৫০ মিলিয়ন ডলারের হিসেবে তিনি সন্তুষ্ট হলেও বাকি ৪৫০ মিলিয়ন ডলারের হিসেবে কিছু গরমিল থাকতে পারে বলে ধারণা তার। এই অংশটির পুনর্নিধারণের জন্যই পুনরায় আদালতে দেখা যাবে অ্যাপল এবং স্যামসাংকে। ৪৫০ মিলিয়ন ডলারের এই জরিমানার অংকটি কমবে না বাড়বে, সেটাই তাই দেখার বিষয়।