দিল্লিতে তিন ঘণ্টায় চারটি ভূমিকম্প
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৩, ২০:০৩
তিন ঘন্টার ভেতর চারটি মাঝারি ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী শহর দিল্লি ও এর আশপাশের এলাকাগুলো। মধ্যরাতে ভয়ার্ত লোকজন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে জড়ো হয়। মঙ্গলবার দিনের শুরুর দিকে প্রথম ভূমিকম্পটি হওয়ার পর পরবর্তী তিন ঘন্টায় এসব ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে এনডিটিভি।
প্রথম ভূমিকম্পটি হয় রাত ১২টা ৪১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক এক ছিল বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। প্রথম ভূমিকম্পটি তিন থেকে চার সেকেণ্ড স্থায়ী হয়। এর উপকেন্দ্র ছিল দক্ষিণ দিল্লির সৈনিক ফার্ম এলাকায় মাটির ১০ কিঃমিঃ গভীরে। রাত একটা ৪১ মিনিটে পরবর্তী ভূমিকম্পটি হয়, এর মাত্রা ছিল ৩ দশমিক তিন। এই ভূমিকম্পটি দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন নোইদা ও গাজিবাবাদেও অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল আগেরটির আরো দক্ষিণে হরিয়ানা রাজ্যের গুরগাঁও ছাড়িয়ে মানেসার এর দক্ষিণ-পূর্বে।